স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবকটিতে হেরেছে এলটন চিগুম্বুরার জিম্বাবুয়ে। বাংলাদেশের কাছে ওয়ানডেতে তৃতীয়বারের মতো হোয়াইওয়াশ হওয়ায় ভীষণ হতাশ অতিথি দলের খেলোয়াড়রা। তাই ওয়ানডে সিরিজের দুঃখ এবার তারা টি২০ তে ঘোচাতে চান বলে জানিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক চিগুম্বুরা।
ঘরের মাঠে দুর্বল আফগানিস্তানের কাছে ওয়ানডে ও টি২০ সিরিজ খুইয়ে বাংলাদেশ সফরে আসে জিম্বাবুয়ে। প্রস্তুতি ম্যাচে জয় পেলেও মূল লড়াইয়ে অতিথি দলকে সেভাবে আর খুঁজে পাওয়া যায়নি। তবে ওয়ানডের তুলনায় টি২০ ম্যাচ ভিন্ন ফরম্যাটে হওয়ায় জিম্বাবুয়ের অধিনায়ককে দারুণ আশাবাদী করে তুলেছে।
আগামীকাল শুক্রবার বিকেল পাঁচটায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু দুই ম্যাচ টি২০ সিরিজের প্রথমটি। এ ম্যাচকে সামনে রেখে বিকেলে মিরপুর স্টেডিয়ামে অনুশীলন করেছে অতিথি দলের ক্রিকেটাররা। তবে তার আগে বৃহস্পতিবার দুপুরে টিম হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হন জিম্বাবুয়ের অধিনায়ক এলটন চিগুম্বুরা।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে (৩-০) তে হারের পরও টি২০ ফরম্যাটের ক্রিকেট বলে জয়ের স্বপ্ন দেখছেন অতিথি দলের অধিনায়ক। এ প্রসঙ্গে চিগুম্বুরা বলেন, ‘ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ হারায় আমরা খুবই হতাশ। তবে টি২০ ভিন্ন ফরম্যাটের খেলা বলে এখানে যে কোনো দলই জিততে পারে। তাই টি২০ ম্যাচে যারা ভালো ব্যাটিং করবে তারাই জিতবে। ’
ওয়ানডে সিরিজে অতিথি দলের বোলাররা ভালো করলেও তাদের ব্যাটসম্যানরা সেভাবে প্রতিরোধ গড়ে তুলে পারেনি। তাই দুই ম্যাচের টি২০ সিরিজে ব্যাটিং লাইনআপে পরিবর্তনের আভাস দিয়ে রাখলেন চিম্বাবুয়ের অধিনায়ক।
এ বিষয়ে চিগুম্বুরা বলেন, ‘তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বোলাররা ভালো করলেও আমাদের ব্যাটিং ডিপার্টমেন্টটা সেভাবে ভালো খেলতে পারেনি। আর টি২০ ম্যাচ হচ্ছে ব্যাটসম্যানের ম্যাচ। এখানে যে দলের ব্যাটসম্যানরা যতো ভালো করবে তারাই দিন শেষে ম্যাচ জিতবে। তাই টি২০ সিরিজে আমাদের ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনা হবে। তবে আমরাদের চেষ্টা থাকবে ওয়ানডে সিরিজের দুঃখ টি২০তে ঘোচানোর।’

