স্পোর্টস ডেস্ক : ওয়ানডে সিরিজ শেষ। এবার টি২০’র পালা। আগামী বছর ভারতে বসবে টি২০ বিশ্বকাপের আসর। তার আগে বাংলাদেশে রয়েছে টি২০ ফরম্যাটের এশিয়া কাপ। এই দুই টুর্নামেন্টের আগে, জিম্বাবুয়ের বিপক্ষে ২ ম্যাচের টি২০ সিরিজেই বাংলাদেশ দলের সঠিক কম্বিনেশনটা ঠিক করে নিতে চান টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা।
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ দল হিসেবে ভালো পারফর্ম করলেও এখনো টি২০তে সেভাবে ভালো দল হয়ে উঠতে পারেনি। তার ওপর টি২০ ক্রিকেটে ছোট আর বড় দল বলেও কিছু নেই। তাই সংক্ষিপ্ত ভার্সনের এই ক্রিকেটে সর্তক বাংলাদেশ।
শুক্রবার বিকেল পাঁচটায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচ টি২০ সিরিজের প্রথমটি। এ ম্যাচকে সামনে রেখে ফতুল্লায় রাতের আলোতে আজ অনুশীলন করবে বাংলাদেশ দল। তবে তার আগে বৃহস্পতিবার দুপুর আড়াইটায় টিম হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হন স্বাগতিক ওয়ানডে ও টি২০ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
ওয়ানডেতে বাংলাদেশ ভালো খেললেও টি২০ ফরম্যাটে এখনো বড় দল হয়ে উঠতে পারেনি টাইগাররা। এ বিষয়ে মাশরাফি বলেন, ‘জিম্বাবুয়ের বিপক্ষে দুটো টি২০ ম্যাচই আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তার ওপর টি২০ হচ্ছে ভিন্ন ফরম্যাটের এক খেলা। এখানে ছোট বা বড় দল বলেও কিছু নেই। তবে দুই ম্যাচের এই টি২০ সিরিজে আমরা আমাদের দলের সেরা একটা কম্বিনেশনটা ঠিক করে ফেলতে চাই।’
দলের সেরা খেলোয়াড় সাকিবকে ছাড়াই খেলতে হবে টি২০ সিরিজে। একই সঙ্গে ১৪ সদস্যের এই দলে নেই সৌম্য সরকার, তাসকিন ও রুবেলের মতো পরীক্ষিত বোলাররা। সেখানে কিভাবে সঠিক কম্বিনেশন দাঁড় করাবে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট?
এ বিষয়ে মাশরাফি বলেন, ‘সাকিব ও সৌম্য দুইজনই টি২০ ফরম্যাটের জন্য যোগ্য খেলোয়াড়। তার ওপর তাসকিন ও রুবেলের মতো বোলার না থাকায় আমাদের টি২০ দলের কোনো কোনো জায়গায় ঘাটতি আছে সেগুলোও খুঁজে বের করার চেষ্টা করবো। তবে পরীক্ষা-নীরিক্ষা যাই করি না কেন, জয়ের লক্ষ্য নিয়েই কিন্তু আমরা মাঠে নামব।’

