আন্তর্জাতিক ডেস্ক : গত অর্থবছরে ১৪০টির বেশি দেশকে সাড়ে ৩ হাজার কোটি ডলার অর্থ সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে দ্ররিদ্র দেশগুলো এসব সহায়তা পায়নি বললেই চলে। কেননা বরাবরের মতই বিশ্বের দরিদ্র মোচনের চাইতে নিজেদের স্বার্থ রক্ষার বিষয়টিকেই বেশি গুরুত্ব দিয়েছিল মার্কিন প্রশাসন। যে কারণে মার্কিন অর্থ সহায়তাপ্রাপ্ত দেশগুলোর শীর্ষে রয়েছে ইসরায়েল। সেরা পাঁচের অন্য দেশগুলো হচ্ছে যথাক্রমে ইসরায়েল, মিশর, আফগানিস্তান, জর্দান ও পাকিস্তান।
৩১০ কোটি ডলার মার্কিন সাহায্য নিয়ে তালিকার এক নম্বরে রয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সহায়ক প্রতিবেদনের হিসেবমতে তাদের সহায়তার প্রায় নয়ভাগই পেয়েছে তেলআবিব। বলাবাহুল্য এই সহায়তার পুরোটাই ব্যয় হয়েছে দেশটির সামরিক ও প্রতিরক্ষা খাতে।
এরপরেই রয়েছে মিশর। তারা পেয়েছে দেড়শ কোটি ডলার। ইসরায়েলে মত তারাও সামরিক খাতেই সিংহভাগ অর্থ খরচ করেছে। দেড়শ কোটি মার্কিন ডলারের ১৩০ কোটিই ব্যয় হয়েছে প্রতিরক্ষা বাবদ। এছাড়া আফগানিস্তান ১১০ কোটি, জর্দান ১শ কোটি এবং পাকিস্তান ৯৯ কোটি ৯০ লাখ ডলার মার্কিন সহায়তা পেয়েছে।

