স্পোর্টস ডেস্ক : দুঃসময় পিছু ছাড়ছেই না হোসে মরিনহো ও চেলসির। প্রিমিয়ার লিগে ধুঁকতে থাকা দলটিকে ৫০ হাজার পাউন্ড জরিমানা গুনতে হচ্ছে। সম্প্রতি চেলসি ও ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মধ্যকার প্রিমিয়ার লিগ ম্যাচ চলাকালীন খেলোয়াড়দের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়ায় ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) হোসে মরিনহোর দলকে এই জরিমানা করে।
ছাড় পায়নি চেলসির ওই ম্যাচের প্রতিপক্ষ ওয়েস্ট হ্যামও। নিজ খেলোয়াড়দের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়ায় উপটন পার্কের দলটিকে ৪০ হাজার পাউন্ড জরিমানা করা হয়। ম্যাচটিতে ওয়েস্ট হ্যামের কাছে ২-১ গোলের ব্যবধানে হেরে যায় প্রিমিয়ার লিগে ধুঁকতে থাকা চেলসি।
গত ২৪ অক্টোবর উপটন পার্কে প্রথমার্ধের অন্তিম মুহূর্তে চেলসি তারকা নেমাঞ্জা ম্যাতিককে লাল কার্ড দেখানোর পর ওয়েস্ট হ্যাম খেলোয়াড়দের সঙ্গে ব্লুজদের তর্কাতর্কি শুরু হয়। ওয়েস্ট হ্যাম খেলার ৪৪তম মিনিটে নিজেদের খেলোয়াড়দের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। এক মিনিট পর চেলসিও একই অপরাধ করে।
এফএ এক বিবৃতিতে জানায়, স্বাধীন একটি তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী, ওয়েস্ট হ্যাম ইউনাইটেড ও চেলসি দুই দলই অখেলোয়াড়সূলভ আচরণের দায়ে অভিযুক্ত হওয়ায় তাদের যথাক্রমে ৪০ হাজার ও ৫০ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে। ২৪ অক্টোবর, ২০১৫ তারিখে অনুষ্ঠিত ম্যাচে দুই দলই তাদের খেলোয়াড়দের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে সেই ব্যাপারে ক্লাব দুটিকেই সতর্ক করা হয়েছে।’
একই ম্যাচে বিরতির সময় ড্রেসিং রুমে ম্যাচ অফিসিয়ালদের সঙ্গে তর্কে জড়ানোর ঘটনায় লাল কার্ড দেখিয়ে চেলসি কোচ হোসে মরিনহোকে গ্যালারিতে পাঠানো হয়। সেই ঘটনার জের ধরে স্টেডিয়াম থেকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হওয়া মরিনহো গত শনিবার বাসায় টিভিতে বসেই স্টোক সিটির বিপক্ষে দলের ১-০ গোলের হার দেখেন।

