স্পোর্টস ডেস্ক : ব্যাপারটা মোটামুটি নিশ্চিতই ছিল। ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে পাকিস্তানের অভিজ্ঞ তারকা ইউনিস খান ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাবেন বলে গুঞ্জন উঠে। সেটিই বাস্তবে রূপ লাভ করলো। বুধবার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ শেষেই ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানবেন এই বর্ষীয়ান তারকা।
বুধবার বিদায়ের ঘোষণা দেন ইউনিস খান। বিদায়বেলায় কোনো ‘আক্ষেপ’ এই পাকিস্তানি ব্যাটসম্যানের, ‘আমি সত্যিই আনন্দিত যে আজ ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। পরিবার, স্ত্রী ও ঘনিষ্ট বন্ধুদের সঙ্গে আলোচনা করেই আমি এই সিদ্ধান্ত গ্রহণ করি। আমি নিজের ক্যারিয়ার নিয়ে সন্তুষ্ট এবং আমার প্রতি অশেষ কৃপার জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এর আগেই টি-২০ ক্রিকেটকে বিদায় জানানোর পর ওয়ানডে ক্রিকেটকেও নিজের ইচ্ছায় বিদায় জানানোর সুযোগ পাওয়াটা সৃষ্টিকর্তার অপার কৃপা।’
বিশ্বকাপের পর বাংলাদেশ ও শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে জায়গা পাননি ইউনিস খান। দল থেকে বাদ পড়ে নির্বাচকদের উচ্চকিত সমালোচনা করেন তিনি। তবে গত সপ্তাহে ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত দলে ডাক পান পাকিস্তানের এই বর্ষীয়ান ক্রিকেটার।
২৬৪টি ওয়ানডে ম্যাচ খেলা ইউনিস খান তার দীর্ঘ ক্যারিয়ারের অনেক উত্থান-পতন দেখেন। গত সাত বছর ধরে ব্যাট হাতে মাত্র দুটি সেঞ্চুরি করেন তিনি। ২০১৩ সাল থেকেই পাকিস্তানের ওয়ানডে দলে অনিয়মিত হয়ে পড়েন এই ডানহাতি ব্যাটসম্যান। গত আড়াই বছরে জাতীয় দলের হয়ে মাত্র ১১টি ওয়ানডে ম্যাচে অংশ নেন দেশের হয়ে সর্বোচ্চ টেস্ট রান করা ইউনিস।
প্রসঙ্গত, ২০০০ সালের ফেব্রুয়ারিতে ঘরের মাঠ করাচিতে সফরকারী শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় ইউনিস খানের। পাকিস্তানের হয়ে এখনো পর্যন্ত ২৬৪টি ওয়ানডেতে ৩১. ৩৪ গড়ে ৭টি সেঞ্চুরি ও ৪৮টি হাফ সেঞ্চুরির সাহায্যে ৭ হাজার ২৪০ রান করেন তিনি। পাকিস্তানের হয়ে ইনজামাম-উল-হক, মোহাম্মদ ইউসুফ, সাঈদ আনোয়ার, শহিদ আফ্রিদি ও জাভেদ মিয়াঁদাদ- এই পাঁচজন ওয়ানডেতে ইউনিসের চেয়ে বেশি রান করেন।
ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানোর মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটকে আরো দীর্ঘায়িত করার দারুণ সুযোগ পাচ্ছেন ইউনিস খান। ২০০৯ সালে ইংল্যান্ডের মাটিতে পাকিস্তানকে টি-২০ শিরোপা জেতানোর পর ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণকে বিদায় জানান এই অভিজ্ঞ পাক তারকা। ফলে শুধু টেস্ট ক্রিকেটেই অখণ্ড মনোযোগ দিতে পারবেন তিনি।

