বিনোদন প্রতিবেদক : তরুণ নির্মাতা রুবেল আনুশের চলচ্চিত্র ‘নিষিদ্ধ প্রেমের গল্প’র ৭৫ ভাগ শুটিং শেষ হয়েছে। বাকি অংশের শুটিং শুরু হবে ডিসেম্বরে। পুরান ঢাকা, আজিমপুর, মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে গানের দৃশ্যে দেখা যাবে সিমলাকে। পাশাপাশি অন্যান্য অভিনয়শিল্পীও থাকবেন।
রুবেল আনুশ জানালেন, ‘অল্প কিছু কাজ বাকি আছে। ডিসেম্বরের মধ্যেই কাজটা শেষ করার ইচ্ছা আছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীবছর মার্চ কিংবা এপ্রিলের দিকেই ছবিটি মুক্তি পাবে।’
এদিকে চলতি বছরের ২ এপ্রিল ছবিটির অফিসিয়াল ট্রেলারটি ইউটিউবে ছাড়ার পরই আলোচনা-সমালোচনার ঝড় উঠে। ছবিতে ৩০ বছর বয়সি মহিলার চরিত্রে অভিনয় করছেন ‘ম্যাডাম ফুলি’ খ্যাত চিত্রনায়িকা সিমলা। আর কলেজ পড়ুয়া তরুণের চরিত্রে দেখা যাবে ‘ঘেটুপুত্র কমলা’ খ্যাত মামুনকে । দু’জনের প্রেমের গল্পেই নির্মিত হচ্ছে চলচ্চিত্রটি।
উল্লেখ্য, গত বছর আগস্ট মাস থেকে নিষিদ্ধ প্রেমের গল্প ছবির শুটিং শুরু হয়। আশা-তিশা প্রযোজিত এ ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন- কাজী হায়াত, পুলক, বাপ্পী, লাবণী, সাদিয়া, আলিফ, মুসা, টুটুল চৌধুরী, আফরিন।

