আন্তর্জাতিক ডেস্ক : আগামীকাল বৃহস্পতিবার যুক্তরাজ্য সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সফর শেষে তিনি তুরস্ক যাবেন। আগামী ১৬ নভেম্বর পর্যন্ত তিনি এই দুই দেশ সফর করবেন। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্র দপ্তরের সচিব এস জয়শঙ্কর।
যুক্তরাজ্য সফরে মোদির প্রধান লক্ষ্য হচ্ছে দেশের অর্থনৈতিক সংস্কারের জন্য বিদেশি বিনিয়োগ জোরদার করা। এছাড়া তিনি সন্ত্রাসবাদ নিয়েও ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে কথা বলবেন। সফরকালে ব্রিটিশ পার্লামেন্টেও বক্তব্য রাখার কথা রয়েছে তার। মোদি হচ্ছেন প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী যিনি পার্লামেন্টে বক্তব্য রাখছেন।
পররাষ্ট্র সচিব আরো বলেছেন,‘আমরা আশা করছি যুক্তরাজ্য সফরের সময় প্রধানমন্ত্রী প্রতিরক্ষা ও নিরাপত্তা, অর্থনীতি, জ্বালানি এবং জলবায়ু পরিবর্তন ইস্যুগুলো নিয়ে বিবৃতি দেবেন।’
এ সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রানী এলিজাবেথের সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে তার।

