আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের এজিয়ান উপকূলের উত্তরাঞ্চলে বুধবার শরণার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে গেলে কমপক্ষে ১৪ জন প্রাণ হারিয়েছে। এদের মধ্যে সাতজনই শিশু। আরো ২৭ জনকে উদ্ধার করেছে তুর্কি উপকূলীয় রক্ষীয়। তবে তারা কোন দেশের নাগরিক তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। বুধবার স্থানীয় সংবাদ মাধ্যম দোগান এ খবর জানিয়েছে।
গ্রিসের লেসবন দ্বীপে যাওয়ার সময় বুধবার সকালে শরণার্থীদের বহনকারী নৌকাটি আইভাসিক উপকূলে ডুবে যায়। দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করে তুর্কি রক্ষীরা। উদ্ধার কাজ এখনো চলছে।
তাৎক্ষণিকভাবে ওই নৌ দুর্ঘটনার কারণ জানা যায়নি। এছাড়া নৌকাটিতে কতজন আরোহী ছিল সে বিষয়েও কিছু উল্লেখ করেনি দোগান। তুর্কি উপকূল থেকে লেসবনের দূরত্ব আট কিলোমিটার। মধ্যপ্রাচ্যের অভিবাসনপ্রত্যাশীরা গ্রিস হয়ে ইউরোপের দেশগুলোতে প্রবেশ করে থাকে। চলতি বছর ৫০ হাজার শরণার্থী আজিয়ান সাগর পাড়ি দিয়ে গ্রিক পৌঁছেছে। বিপজ্জনকভাবে সমুদ্র পাড়ি দিতে গিয়ে কয়েক শ শরণার্থী প্রাণ হারিয়েছে।
তুরস্ক উপকূলে এমন এক সময়ে শরণার্থীদের মৃত্যুর ঘটনা ঘটল যখন এ ইস্যুতে মাল্টায় বৈঠক শুরু করতে যাচ্ছেন ইউরোপ ও আফ্রিকার নেতারা। বুধবারের ওই বৈঠকে দরিদ্র দেশের লোকজনকে ওই বিপজ্জনক নৌ যাত্রা থেকে দূরে রাখতে অর্থ সহায়তার ঘোষণা দিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।

