আর্ন্তজাতিক ডেস্ক : ইয়েমেনে রাস্তার পাশে থাকা বোমা বিস্ফোরিত হয়ে সেনাবাহিনীর ১৬ সদস্য নিহত হয়েছে। রাজধানী সানার পূর্বাঞ্চলীয় মারিব প্রদেশে ওই হতাহতের ঘটনা ঘটেছে। সেনাবাহিনী বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।
সেনাবাহিনী জানিয়েছে, বোমা বিস্ফোরণে আরো ছয়জন আহত হয়েছে। মারিবের একটি সেনা শিবিরকে উদ্দেশ্য করেই ওই বোমা হামলা চালানো হয়েছিল। তবে ওই হামলার পেছনে কারা দায়ী তা এখনও জানা যায়নি।
আরব উপদ্বীপের দরিদ্র দেশ হিসেবে পরিচিত ইয়েমেনে সাত মাস ধরে যুদ্ধ-সংঘাতে প্রায় ৫ হাজার ৬শ মানুষ নিহত হয়েছে।
এদিকে সুদানের প্রায় ৪শ শক্তিশালী বাহিনী সোমবার এডেনে পৌঁছেছে। তারা দেশের দক্ষিণের বিদ্রোহীদের বিরুদ্ধে মোকাবেলার জন্য একটি নতুন আক্রমণাত্মক বাহিনী তৈরির জন্য সরকারপন্থী বাহিনীকে সহায়তা করবে।
এর আগে লাহজ, দালেহ, আবিয়ান এবং শাবওয়া বিদ্রোহীদের কাছ থেকে দখল করতে সক্ষম হয়েছিল প্রেসিডেন্ট আবেদ রাব্বু মানসুর হাদির বাহিনী। তবে ইরান সমর্থিত বিদ্রোহীরা দক্ষিণের বিভিন্ন অংশ পুণরায় দখল করে নিয়েছে। এসব বিদ্রোহীদের হটিয়ে সেসব অঞ্চল দখল করার জন্য নতুন করে অভিযান চালাবে সেনাবাহিনী।

