আন্তর্জাতিক ডেস্ক : শনিবার ইউরোপ সফরে রওয়ানা হচ্ছেন প্রেসিডেন্ট হাসান রুহানি। গত এক দশকের মধ্যে এটিই হবে কোনো ইরানী প্রেসিডেন্টের প্রথম ইউরোপ সফর। এই যাত্রায় তিনি ইতালি, ফ্রান্স ও ভ্যাটিকান সফর করবেন বলে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে।
চারদিনের এই সফরের প্রথম দিনে শনিবার ইতালি যাবেন প্রেসিডেন্ট রুহানি। রোমে তিনি দেশটির প্রেসিডেন্ট সার্গিও মাতারেল্লা এবং প্রধানমন্ত্রী মাত্তেও রেনজির সঙ্গে বৈঠক করবেন। পরে তিনি ভ্যাটিকান সফরে যাবেন। এখানে তার পোপ ফ্রান্সিসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে।
ইটালি থেকে সোমবার ফ্রান্স সফরে রওয়ানা হবেন রুহানি। ওইদিন প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি বক্তব্য রাখবেন। পরদিন অর্থাৎ আগামী ১৭ নভেম্বর ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
চার দিনের এই ইউরোপ সফরে তিনি বেশ কিছু চুক্তিতে স্বাক্ষর করবেন বলেও জানা গেছে। গত ১৪ জুলাই ছয় জাতির সঙ্গে পরমাণু চুক্তি স্বাক্ষরের পর পশ্চিমা দেশগুলোর সঙ্গে এই ইসলামিক দেশটির সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। যার ফলশ্রুতিতে ইউরোপের দেশ দুটিতে সফর করছেন প্রেসিডেন্ট রুহানি।

