বিনোদন ডেস্ক : চলতি বছরে ‘এক পেহলি লীলা’র পর ফের একটি সলো মিউজিক ভিডিওতে দেখা যাবে ‘বেবি ডল’ খ্যাত ইন্দো-কানাডিয়ান জনপ্রিয় অভিনেত্রী সানি লিওন। ‘ম্যায় সুপারগার্ল’ নামের শিরোনামের গানটিতে দেখা যাবে তাকে।
জানা গেছে, এক পেহলি লীলার পর ফের একসাথে আহমেদ খানের সাথে মিলে একটি সিঙ্গেল টাইটেল ‘ম্যায় সুপারগার্ল’ নিয়ে আসছেন সানি লিওন। বুসান কুমারের প্রযোজনায় জনপ্রিয় ‘বেবিডল’ গানটির কণ্ঠশিল্পী কনিকা কাপুরের কণ্ঠেই আসছে সানির ‘ম্যায় সুপারগার্ল’ গানটি। আর এমন কথা জানিয়ে নিশ্চিত করেছেন কোরিওগ্রাফার, অভিনেতা, নির্মাতা ও প্রযোজক আহমেদ খান। সানি লিওনের সাথে দীর্ঘ একমাস কথাবার্তার পর তাকে এই প্রজেক্টে রাজি করাতে সক্ষম হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
এরইমধ্যে ‘ম্যায় সুপারগার্ল’ গানটির জন্য রোববার থেকে শ্যুট করা হচ্ছে, চলবে টানা তিনদিন। একই প্রযোজক ক’দিন আগে ঋত্বিক রোশান এবং সোনম কাপুরকে নিয়ে ‘ধীরে ধীরে’ গানটি নির্মাণ করেছেন। যা ব্যাপক প্রশংসা অর্জন করে।
সানির গানটির কস্টিউমের জন্য এরই মধ্যে লন্ডনে গিয়েছিলেন সানি লিওনের কস্টিউম ডিজাইনার হিতেশ কাপুপরা। গানে সানি লিওন অন্তত আট থেকে দশবার কস্টিউম পরিবর্তন করবেন বলেও জানালেন আহমেদ।
উল্লেখ্য, ‘বিগ বস ৫’-এর মাধ্যমে বলিউডে প্রবেশ করেন সানি লিওন। এরপর জিসম-২ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রেও অভিষেক ঘটে তার। বেশকিছু ছবি বাণিজ্যিকভাবে সফল না হতে পারলেও ‘এক পেহলি লীলা’ বক্স অফিসে ভালো ব্যবসাই করেছে। পর্নো শিল্পের সাথে জড়িত থাকায় এখন পর্যন্ত বলিউডে তার বিপরীতে প্রথম সারির কোনো অভিনেতাকে না পেলেও শীঘ্রই নাকি সে খরাও ঘুচতে যাচ্ছে তার। এই সময়ের বলিউডের অন্যতম রোমান্টিক হিরো রনবীর কাপুরের বিপরীতে করতে পারেন অভিনয়! এছাড়াও সম্প্রতি সেন্সর বোর্ডে প্রায় ৬ মাস আটকে থাকার পর ছাড়পত্র পেয়েছে সানি অভিনীত ছবি মাস্তিজাদে। ছবিটি শিগগিরই মুক্তি পাবে বলেও জানা গেছে।

