স্পোর্টস ডেস্ক : ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ দল একটা জায়গা করে নিয়েছে। তবে টেস্ট ক্রিকেটে সেভাবে এগুতে পারেনি বলে জানিয়েছেন বাংলাদেশের অভিষেক টেস্ট ম্যাচের অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়।
ওয়ানডে ক্রিকেটে যতোটা এগিয়েছে বাংলাদেশ দল। ঠিক তার বিপরীত চিত্র টেস্টে টাইগারদের। গত ১৫ বছরে ৯৩টি টেস্ট খেলেছে বাংলাদেশ। ৭টি জয়ের সঙ্গে রয়েছে ৭১টি পরাজয় ও ১৫টি ড্র। অভিজাত এই আঙ্গিনায় জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ ছাড়া আর কারো সঙ্গে জয় নেই বাংলাদেশের।
বৃষ্টির কল্যাণে বা লড়াই করে ড্র আদায় করতে সমর্থ হয়েছে বাংলাদেশ টেস্ট খেলুড়ে আট দেশের বিপক্ষে। তবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের সঙ্গেই এখনো ড্রয়ের মর্যাদা অর্জন করতে সক্ষম হয়নি বাংলাদেশ।
১৫ বছর আগে আজকের এই দিনে নাঈমুর রহমান দুর্জয়ের নেতৃত্বে প্রথম টেস্ট খেলেছিল বাংলাদেশ। নাঈমুর এখন বিসিবির পরিচালক। টেস্ট খেলুড়ে দেশ হিসেবে বাংলাদেশের অর্জনের ঘাটতি নিয়ে কথা বলেন তিনি।
এ সম্পর্কে বিসিবি পরিচালক বলেন ও বাংলাদেশের অভিষেক টেস্ট ম্যাচের অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়, ‘একটা টেস্ট প্লেয়িং জাতীয় যে একটা কালচার থাকে, সেটা আমরা এখনও গ্রো করতে পারি নাই। রেজাল্টের দিক দিয়ে, বিশেষ করে আমরা যদি ওয়ানডের রেজাল্ট কনসিডার করি, সে ক্ষেত্রে আমি বলবো, অন্যান্য অনেক দেশের চেয়ে আমরা অনেক দ্রুতগতিতে এগিয়েছি।’
টেস্টে ভালো করতে হলে লংগার ভার্সনের দিকে নজর দিতে হবে বলে জানান দুর্জয়। এ বিষয়ে তিনি বলেন, ‘টেস্ট বা লংগার ভার্সনে সেরকম সিগনিফিকেন্ট কোনো ইমপ্রুভমেন্ট আমি বলবো না। গত ১২ বছর (১৫ হবে) আমরা কিছু টেস্টে হয়তো ভালো রেজাল্ট করেছি। কিন্ত‘ ইনফ্রাসট্রাকচার, যেগুলোতে উন্নতি হওয়া উচিত ছিলো সেগুলো হয়নি। ইমপ্রুভমেন্টের এমনিতেই শেষ নেই। তবে আমি বিশ্বাস করি, আমাদের দুর্বল জায়গাগুলোতে আমাদের আরও উন্নতি করা দরকার। ’
তাই ঘরোয়া ক্রিকেটের দিকে নজরা দেয়ার পরামর্শ দেন বিসিবি পরিচালক, ‘কারণ আমি বিশ্বাস করি, যারা লংগার ভার্সনে ভালো খেলবে, তারা সব ফরম্যাটে ভালো খেলবে। কিন্তু আমরা এখন শুধু টি-২০ বা ওয়ানডে বিশেষ করে ওয়ানডের রেজাল্টের ওপর বেস করে একটু স্যাটিসফাই হতে চাই। যেটা লংগার পিরিয়ডের জন্য হেলদি না। আমরা যদি লম্বা সময়ের চিন্তা করি, তাহলে আমাদের লংগার ভার্সন বা টেস্ট ক্রিকেটের প্রতি আরও নজর দিতে হবে।’

