ঢাকাTuesday , 10 November 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হারের বৃত্তেই ঘুরপাক খাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

Link Copied!

West-Indies-playerস্পোর্টস ডেস্ক : শ্রীলংকা সফরে হারের বৃত্তেই ঘুরপাক খাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। দুই ম্যাচের টেস্ট সিরিজ, এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর দুই ম্যাচের টি-২০ সিরিজও ক্যারিবিয়ানরা হার দিয়ে শুরু করেছে। সোমবার তারা ৩০ রানে হেরে গেছে লংকানদের কাছে। বুধবার কলম্বোয় হবে দ্বিতীয় এবং শেষ টি-২০ ম্যাচটি।
এদিন পাল্লেকেলেতে শ্রীলংকার ছুড়ে দেয়া ২১৬ রানের লক্ষ্যের পিছু নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ১৯.৫ ওভারে অলআউট হওয়ার আগে তুলতে পেরেছে ১৮৫ রান। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা যেমন হওয়া দরকার ছিল ক্যারিবিয়ানদের তা হয়নি। নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় কোনো ব্যাটসম্যানই লংকানদের জন্য হুমকি হয়ে উঠতে পারেননি। তবে ২৫ বলে সর্বোচ্চ ৫৭ রান করে অ্যান্দ্রে ফ্লেচার কিছুটা আশার প্রদীপ জ্বেলেছেন। ছয় ছক্কার পাশাপাশি তিনি চার মেরেছেন তিনটি।
মাঝে ড্যারেন ব্রাভো ১২ বলে ২৪ এবং কাইরন পোলার্ড ১৮ বলে ২৬ রান করে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু এই দু’জন ফিরে যাওয়ার পর উইন্ডিজের হার সময়ের ব্যাপার হয়ে যায়।  টানা তৃতীয়বার অবৈধ বোলিংয়ের দায়ে অভিযুক্ত সুনিল নারিন শেষের দিকে ১৫ বলে ২৩ রান করে হারের ব্যবধানই কমিয়েছেন মাত্র।
৪৬ রানে ৪ উইকেট নিয়ে লংকানদের সবচেয়ে সফল বোলার সচিত্রা সেনানায়েকে। অধিনায়ক লাসিথ মালিঙ্গা ১৯ এবং মিলিন্দা সিরিবর্ধনে ৪১ রানে নিয়েছেন ২টি করে উইকেট।
এর আগে টস হেরে ব্যাট করতে নামা লংকানদের দারুণ শুরু করে দিয়ে যান দুই ওপেনার তিলকারত্নে দিলশান এবং কুশল পেরেরা। ৯.৪ ওভারে ওপেনিং জুটিতে তারা তুলে ফেলেন ৯১ রান। কুশল ৩০ বলে ৪০ এবং দিলশান ৩৭ বলে আট চারের সাহায্যে করেন ৫৬ রান।
শুরুর ধারাবাহিকতা বজায় রেখে সেহান জয়াসুরিয়া ২২ বলে ৩৬, দিনেশ চান্দিমাল ১৯ বলে ৪০* এবং অ্যাঞ্জেলো ম্যাথিউজ ১৩ বলে ৩৭ রান করেন। এর মধ্যে শ্রীলংকার টেস্ট-ওয়ানডে অধিনায়ক ম্যাথিউজ ছক্কাই মারেন চারটি, বাউন্ডারি দুটি।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪২ রানে ২ উইকেট পেয়েছেন কায়রন পোলার্ড। দারুণ বোলিংয়ের কল্যাণে ম্যাচ-সেরার পুরস্কার জিতেছেন সেনানায়েকে।