তথ্যপ্রযুক্তি ডেস্ক : দক্ষিণ কোরিয়ার বিখ্যাত প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং বাজারে নিয়ে এলো গ্যালাক্সি সিরিজের নতুন ট্যাব। এটির মডেল ট্যাব এস ২। ট্যাবটি ৬ দশমিক ১ মিলিমিটার পুরুত্বের। স্যামসাংয়ের এই ট্যাবটি দুনিয়ার স্লিম ট্যাব গুলোর মধ্যে অন্যতম।
ট্যাবটির ডিসপ্লে ৯ দশমিক ৭ ইঞ্চির। এতে সুপার অ্যামোলিড প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ডিসপ্লের রেজুলেশন ২০৪৮× ১৫৩৬ পিক্সেল।
স্যামসাংয়ের নতুন ট্যাবটিতে এক্সিনোসের অক্টা কোর ৫৪৩৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে। প্রসেসরের ক্লক স্পিড ১ দশমিক ৯ গিগাহার্টজ। এতে ৩ জিবি র্যাম রয়েছে। ট্যাবটির বিল্টইন মেমোরি ৩২ জিবি। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে মেমোরি ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
গ্যালাক্সি এস ২ ট্যাবের রিয়ার ক্যামেরা ৮ মেগাপিক্সেলের। ফ্রন্টে আছে ২ দশমিক ১ মেগাপিক্সেলের ক্যামেরা।
এটির ব্যাটারি ৫৮৭০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের। ট্যাবটি ওজনে হালকা। ওজন মাত্র ৩৯২ গ্রাম। এটি অ্যানড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেম চালিত।
ভারতের বাজারে এই ট্যাবের মূল্য ৩৯ হাজার ৪০০ রুপি। ভ্যাট এবং ট্যাক্সবাদে বাংলাদেশী টাকায় এটির মূল্য দাঁড়ায় ৪৬ হাজার ৫০০ টাকা।

