দিনাজপুর প্রতিনিধি : বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সিদ্ধান্ত মোতাবেক হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময় আগামী ১৪ নভেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
আগামী ১৮ থেকে ২৯ নভেম্বর এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। তবে বিশেষ প্রয়োজনে পরীক্ষার দিনগুলোতে ডাউনলোড উন্মুক্ত থাকবে বলে জনসংযোগ ও প্রকাশনা শাখার কর্মকর্তা মমিনুল ইসলাম জানান। ভর্তি পরীক্ষা আগামী ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন ফরম কেবলমাত্র অনলাইনে পূরণ করা যাবে এবং আবেদন ফি ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের (ডিবিবিএল) মোবাইল ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।
এবার সোস্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস নামে নতুন একটি অনুষদসহ মোট ৮টি অনুষদের অধীনে ২০টি কোর্সে মোট ১৯৫০ জন ছাত্র-ছাত্রী ভর্তির সুযোগ পাবে। এর বাইরে মুক্তিযোদ্ধা কোটার জন্য মোট আসনের অতিরিক্ত ৫% আসন এবং বিদেশি শিক্ষার্থীদের জন্য ৫০টি আসন সংরক্ষিত থাকবে।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যাদি www.hstu.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

