তথ্যপ্রযুক্তি ডেস্ক : রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হতে যাচ্ছে ১৬ তম ল্যাপটপ ফেয়ার। এক্সপো মেকারের আয়োজনে এই মেলা শুরু হবে ১২ নভেম্বর। চলবে তিন দিন। সোমবার ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মেলার আয়োজক এক্সপো মেকারের কর্ণধার মোহাম্মদ খান, পরিচালনা বিভাগের প্রধান নাহিদ হাসনাইন সিদ্দিকী এবং মেলার পৃষ্ঠপোষক প্রযুক্তি পণ্য পরিবেশক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার আগের চেয়ে বড় পরিসরে ল্যাপটপ মেলার আয়োজন করা হয়েছে। এবারের মেলায় ৭টি প্যাভিলিয়ন, ১৩টি মিনি প্যাভিলিয়ন ও ৪৯ টি স্টল থাকবে। মেলায় আসুস, ডেল, এইচপি, লেনোভা, তোশিবা, সনি, টুইনমস, গিগাবাইট, ডিলাক্স, এক্সট্রিম, লজিটেক, ডিলিংক, আইনল, শাওমি, এইচটিএস, মাইক্রোল্যাব, প্রেস্টিজিও, ইসেট অ্যান্টিভাইরাস ও সিস ইনফ্লক্সিয়নসহ দেশ-বিদেশি বিভিন্ন প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানের পসরা সাজানো হবে।
স্মার্ট টেকনোলজিস লিমিটেড, গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড, কম্পিউটার সোর্স, ফ্লোরা লিমিটেড, লেনোভা, এইচটিএস, গ্যাজেট গ্যাং স্যাভেন, ডিএক্স জেনারেশন, মাইক্রোল্যাব, কম্পিউটার ভিলেজ, এজিডি আইটি সল্যুউশনস, বিট্রাক টেকনোলজিস লিমিটেড সহ আরও কিছু স্বনামধন্য প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করবে।
সংবাদ সম্মেলনে এক্সপো মেকারের পরিচালনা বিভাগের প্রধান নাহিদ হাসনাইন সিদ্দিকী জানান, ১৫ বার সফল ভাবে এক্সপো মেকার ল্যাপটপ মেলার আয়োজন করেছে। এবার বৃহৎ পরিসরে মেলার আয়োজন করা হচ্ছে। এবারের মেলায় বেশ কিছু প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান তাদের হাল আমলের পণ্য বিক্রি ও প্রদর্শন করবে। এসব পণ্যে মিলবে ছাড় ও।
এইচপির প্রতিনিধি আদিল সাংবাদিকদের বলেন, ‘এইচপি লিঙ্ক নামে নতুন একটা ল্যাপটপ আমরা মেলায় আনছি। আমাদের থাকছে স্ক্র্যাচ অ্যান্ড উইন অফার। বিশ হাজার টাকা পর্যন্ত ছাড় জেতার সম্ভাবনা রয়েছে।’
২০০৮ সালে প্রথম ল্যাপটপ মেলা শুরু হওয়ার ৭ বছরের মধ্যে মেলা হয়েছে ১৫ টি। আসুসের প্রতিনিধি ফুয়াদ জানান, ‘৫ম জেনারেশন প্রসেসরের ল্যাপটপ আমরা ল্যাপটপ ফেয়ারে নিয়ে আসবো। সামনে যেহেতু শীতকাল, তাই আমাদের প্রত্যেক ল্যাপটপ ক্রেতাকে একটা করে জ্যাকেট দেয়া হবে।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, এক্সপো মেকারের আয়োজনে প্রথম ল্যাপটপ মেলায় ৬০৩ টি ল্যাপটপ বিক্রি হয়েছিল। ২০১৪ সালে এই বিক্রির পরিমাণ দাড়িয়েছে পাঁচ হাজার ২০০ তে।
এসারের প্রতিনিধি বাশার বলেন, ‘মেলায় আসছে আমাদের প্রিমিয়াম সিরিজ ‘এফ’ এর ৬ষ্ঠ জেনারেশনের প্রসেসর। আমাদের পণ্য কিনলো উপহার জেতে নেয়ার সুযোগ রয়েছে।’
লেনোভার প্রতিনিধি ফাত্তাহ বলেন, ‘দিন দিন মানুষ মোবিলিটির উপর নির্ভরশীল হয়ে পড়ছে। আমাদের মোবাইল ডিভাইস গুলোর বিক্রি বেড়েছে ৩০ শতাংশ পর্যন্ত। যেখানে ল্যাপটপ আর ডেস্কটপের বিক্রি ১৫ শতাংশতেই স্থির রয়েছে। মেলায় আমারাও দিচ্ছি আকর্ষণীয় উপহার।’
ল্যাপটপ মেলাতে ল্যাপটপের পাশাপাশি ট্যাবলেট কম্পিউটার, ইন্টারনেট সিকিউরিটি পণ্য ও ল্যাপটপের আনুসঙ্গিক গ্যাজেট পাওয়া যাবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পুরো মেলা জুড়ে ফ্রি ওয়াইফাই জোন করা হবে। থাকছে গেমিং জোনও।
এবারের মেলার প্রধান পৃষ্ঠপোষক প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘এডুমেকার’। সহ-পৃষ্ঠপোষক ল্যাপটপ ব্র্যান্ড এসার, আসুস, ডেল, এইচপি, লেনোভো। মেলার টিকিট বুথ পার্টনার ই-স্ক্যান অ্যান্টিভাইরাস, রেডিও পার্টনার পিপলস রেডিও এবং মিডিয়া পার্টনার টেকশহর ডটকম।
মেলা নিয়ে ফেইসবুকের অফিসিয়াল ইভেন্ট পেইজে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আগ্রহীরা এই লিংকে https://goo.gl/wdcWjT গিয়ে কুইজে অংশ নিয়ে ল্যাপটপ, ট্যাবলেট,স্মার্টফোনসহ আকর্ষণীয় পুরস্কার জিতে নিতে পারেন।
তিন দিনের এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। প্রবেশ মূল্য ৩০ টাকা। তবে স্কুলের শিক্ষার্থী ইউনিফর্ম পরিহিত অবস্থায় কিংবা পরিচয়পত্র প্রদর্শন করে বিনামূল্যে প্রবেশ করতে পারবে। পাশাপাশি প্রতিবন্ধীরাও বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবে।
এবারের মেলায় টিকেট থেকে উপার্জিত অর্থ দৈনিক কালের কন্ঠের সাব-এডিটর লতিফুল হকের চিকিৎসার জন্য প্রদান করা হবে। তিনি দূরারোগ্য লিউকোমিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
মেলা শেষ হবে ১৪ নভেম্বর। প্রদর্শনীর সব আপডেট ও খবর মেলার অফিসিয়াল ফেইসবুক পেইজ (www.facebook.com/laptopfair.bd)
এই ল্যাপটপ মেলা চলাকালীন মেলার সব সংবাদ প্রচার করবে দেশের শীর্ষ স্থানীয় নিউজ পোর্টাল বাংলামেইল২৪ডটকম। মেলার সব খবর পেতে ভিজিট করুন www.banglamail24.com

