বিনোদন ডেস্ক : বলিউডের এসময়ের অন্যতম জনপ্রিয় ও ব্যস্ততম অভিনেত্রীদের একজন দীপিকা পাডুকোন। বর্তমানে তিনি নিজের আসন্ন ছবির প্রমোশন নিয়ে দারুণ ব্যস্ততার মধ্যে আছেন। চলতি বছরে মুক্তি পাবে তার অভিনীত দুটি ছবি, একটি মেধাবী নির্মাতা ইমতিয়াজ আলির নির্মাণে ‘তামাশা’, আর অন্যটি ‘দেবদাস’ খ্যাত নির্মাতা সঞ্জয় লীলা বানসালি পরিচালিত চলতি বছরের বহুল আলোচিত ছবি ‘বাজিরাও মাস্তানি’। তবে সবচেয়ে কাকতাল বিষয়টি হচ্ছে তার আসন্ন দুটি ছবিরই ‘হিরো’রনবীর! যদিও ‘রনবীর’ নামটি এক হলেও তারা কিন্তু এই সময়ের বলিউডের জনপ্রিয় দুই হিরো! একজন রনবীর কাপুর, এবং অন্যজন রনবীর সিং।
জানা গেছে, চলতি বছরে দীপিকা অভিনীত দুটি ছবি মুক্তি পেতে যাচ্ছে। একটি রোমান্টিক বয় খ্যাত অভিনেতা রনবীর কাপুরের সাথে ‘তামাশা’ যা মুক্তি পেতে যাচ্ছে চলতি মাসের ২৭ তারিখে, আর অন্যটি সঞ্জয় লীলা বানসালির পরিচালনায় রনবীর সিংয়ের সাথে ‘বাজিরাও মাস্তানি’। বাজিরাও মাস্তানি ছবিটি ডিসেম্বরে মুক্তি পেলেও এরই মধ্যে প্রচার প্রচারণা শুরু হয়ে গেছে। আর সম্প্রতি দুই রনবীরকে সাথে নিয়েই দীপিকাকে দেখা গেল তার আসন্ন দুই ছবির প্রমোশন করতে।
বলিউডের ছবিতে সঞ্জয় লীলা বানসালি মানেই ছবি হিট। সেই দেবদাস থেকে শুরু করে তার সর্বশেষ পরিচালিত ছবি ‘রাম লীলা’ পর্যন্ত সবক’টি ছবিই দারুণ সাড়া জাগিয়েছে পুরো ভারত বর্ষে। অনেকেই মনে করছেন সঞ্জয় লীলার অতীত কর্মের জন্যই তিনি তার আসন্ন ছবি ‘বাজিরাও মাস্তানি’ ছবিটিতেও সেই সাক্ষরই রাখবেন। অন্যদিকে ‘রকস্টার’ খ্যাত মেধাবী নির্মাতা ইমতিয়াজ আলিও কম যান না। তার অতীত বলে, তার কোনো ছবিই এখন পর্যন্ত ফ্লপ হয়নি।
‘তামাশা’ ও ‘বাজিরাও মাস্তানি’ নিয়ে বেশ উচ্ছ্বসিত ছবির অন্যতম অভিনেত্রী দীপিকা পাডুকোন। বিশেষ করে ‘বাজিরাও মাস্তানি’ নিয়ে তিনি রীতিমত মুগ্ধ। কারণ এই ছবিতে তাকে দেখা যাবে একজন মুসলিম বীর নারীর চরিত্রে। ঘোড়ায় সওয়ার হয়ে যিনি শত্রুপক্ষের জান নেয়ার জন্যে সম্মুখ সমরে যুদ্ধাস্ত্র প্রয়োগ করছেন। এই ছবিটিকে তিনি তার ক্যারিয়ারের অসামান্য সংযুক্তি বলে মনে করছেন। অন্যদিকে রনবীর কাপুরের সাথে ‘তামাশা’ও নাকি তার নতুন অভিজ্ঞতা সঞ্চয়ের সূতিকাগার।
উল্লেখ্য, তামাশা কিংবা বাজিরাও মাস্তানি ছবির টিজার, ট্রেলার, পোস্টার আর ছবির একাধিক গান এরইমধ্যে ইউটিউবে প্রকাশিত হওয়ার পর পরই রেকর্ড পরিমাণ দেখা ও শোনা হয়ে গেছে। ব্যাপক জনপ্রিয়তাও পেয়েছে সেগুলো। ‘বাজিরাও মাস্তানি’ ছবিতে দীপিকা-রনবীর সিং ছাড়াও আছেন বলিউডের আবেদনময়ী অভিনেত্রী প্রিয়্ঙ্কা চোপড়া। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘বাজিরাও মাস্তানি’ ছবিটি আসছে ডিসেম্বরের ১৮ তারিখে মুক্তি দেয়ার কথা। ঠিক একই দিনে বলিউডে মুক্তি পেতে যাচ্ছে বলিউড বাদশাহ শাহরুখ খান অভিনীত ছবি ‘দিলওয়ালে’।

