আন্তর্জাতিক ডেস্ক : মিশরে যাত্রীবাহী রুশ বিমানটি যে বোমা হামলার কারণেই বিধ্বস্ত হয়েছিল এ ব্যাপারে ‘৯০ ভাগ নিশ্চিত’ হয়েছেন তদন্তকারীরা। ককপিটে থাকা রেকর্ডারে শেষ মুহূর্তে ধারনকৃত আওয়াজ এ ইঙ্গিত দিচ্ছে বলে তদন্ত দলের এক সদস্য রোববার বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন।
গত ৩১ অক্টোবর মিশরের শার্ম আল শেখ অবকাশকেন্দ্র থেকে উড্ডয়নের মাত্র ২৩ মিনিট পর বিধ্বস্ত হয়েছিল মেট্রোজেটের এ-৩২১ নম্বর এয়ারবাসটি। ওই ঘটনায় বিমানের ২২৪ যাত্রীর সবাই নিহত হয়েছিল।
ঘটনার মাত্র একদিন পরেই মিশরের নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াইরত ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা বিমানটিকে ভূপাতিত করার দাবি করেছিল। যদিও তখন তাদের ওই দাবি একযোগে নাকচ করে দিয়েছিল রাশিয়া ও মিশর সরকার। পরে অবশ্য মিশরের সঙ্গে সব ধরনের বিমান যোগাযোগ স্থগিত করেছে রুশ সরকার।
রোববার নাম প্রকাশ না করার শর্তে তদন্তদলের ওই সদস্য বলেন, ‘এ পর্যন্ত যে সমস্ত লক্ষণ দেখা গেছে এবং তথ্য বিশ্লেষণ করা হয়েছে তাতে ব্ল্যাকবক্সের শব্দটি বোমার বলেই আভাস পাওয়া যাচ্ছে। এটি যে বোমা সে ব্যাপারে আমরা ৯০ ভাগ নিশ্চিত।’ তদন্ত কমিটি এ পর্যন্ত জনসম্মুখে রুশ বিমান বিধ্বস্তের যে কারণ বলে এসেছে মিশরীয় তদন্তদলের এ সদস্যের কথায় তা আরও পাকাপোক্ত হল।
এর আগে গত শনিবার প্রধান তদন্তকারী আয়মান আল-মুকাদ্দাম বলেছিলেন, অটো-পাইলট সিস্টেমে চলার সময় বিমানটি মাঝ আকাশেই ভেঙে পড়ে এবং শেষ সময়ে ককপিটে একটি আওয়াজ শোনা যায়। তবে এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলার সময় আসেনি বলেও জানিয়েছিলেন তিনি।
এদিকে রুশ বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ নিয়ে এখনও যে ১০ শতাংশ সংশয় রয়েছে সে সম্পর্কে কোনো ব্যখ্যা দিতে রাজি হননি ওই তদন্তকারী দলের সদস্য। তবে প্রধান তদন্তকারী কর্মকর্তা মুকাদ্দাম শনিবার অন্যান্য কারণের মধ্যে জ্বালানি বিস্ফোরণ লিথিয়াম ব্যাটারি ওভারহিটিংসহ কয়েকটি কারণ উল্লেখ করেছিলেন।
তিনি এ সময় বিমানের ধ্বংসাবশেষ আট মাইল এলাকা জুড়ে ছড়িয়ে পড়ার কথা উল্লেখ করে বলেছিলেন, এতে এ ইঙ্গিতই পাওয়া যায় যে, এটি মাঝআকাশে ভেঙে পড়েছিল।

