স্পোর্টস ডেস্ক : ব্রিসবেনের গ্যাবায় সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে ২০৮ রানের বড় জয় দিয়ে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিক অস্ট্রেলিয়া। জয়ের জন্য ৫০৪ রানের লক্ষ্যে খেলতে নেমে কিউইরা গুটিয়ে যায় ২৯৫ রানে। ফলে ২০৮ রানের বড় জয় পায় অস্ট্রেলিয়া।
সোমবার টেস্টের পঞ্চম ও শেষ দিনে ৩ উইকেটে ১৪২ রান নিয়ে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। দিনের প্রথম ঘণ্টায়ই রস টেলরের উইকেট হারায় সফরকারীরা। আগের দিনের ২০ রানের সঙ্গে আর ৬ রান যোগ করেই সাজঘরে ফেরেনটেলর। এরপর জেমস নিশাম ও বিজে ওয়াটলিংকে নিয়ে ছোট্ট দুটি জুটি গড়ে লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত দেন অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।
তবে নাথান লায়ন, মিচেল জনসন, জস হ্যাজেলউড ও মিচেল মার্শের চতুর্মুখী বোলিং আক্রমণে পড়ে লাঞ্চের আগে তাসের ঘরের মতো ভেঙে পড়ে নিউজিল্যান্ডের ইনিংস। ২৪২ থেকে ২৪৯- এই ৭ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে ২৫৫ রানে নিজেদের পরাজয় প্রায় নিশ্চিত করে ফেলে নিইজিল্যান্ড।
শেষ উইকেটে মার্ক ক্রেইগ ও ট্রেন্ট বোল্ট অবশ্য দুর্দান্ত এক জুটি গড়েন। দশম উইকেটে এই দুজন ৪৬ রান তোলেন। তবে সেটা শুধু পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। বোল্টকে উইকেটের পেছনে পিটার নেভিলের শিকার বানিয়ে অস্ট্রেলিয়ার বড় জয় নিশ্চিত করেন স্টার্ক।
দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে নাথান লায়ন তিনটি এবং হ্যাজেলউড, মিচেল স্টার্ক ও মিচেল মার্শ দুটি করে উইকেট লাভ করেন। একটি উইকেট নেন মিচেল জনসন।
এর আগে প্রথম ইনিংসে ডেভিড ওয়ার্নার ও উসমান খাজার জোড়া সেঞ্চুরি এবং জো বার্নস ও অ্যাডাম ভোজেসের হাফ সেঞ্চুরির সুবাদে ৪ উইকেটে ৫৫৬ রান তোলে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। অসিদের হয়ে ওয়ার্নার ১৬৩, উসমান খাজা ১৭৪, জো বার্নস ৭১ ও ভোজেস করেন হার না মানা ৮৩ রান। স্টিভেন স্মিথের ব্যাট থেকে আসে ৪৮ রান।
প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের হয়ে টিম সাউদি, ট্রেন্ট বোল্ড, কেন উইলিয়ামসন ও জেমস নিশাম একটি করে উইকেট লাভ করেন।
অস্ট্রেলিয়ার করা ৫৫৬ রানের জবাবে দুই মিচেল- স্টার্ক ও জনসনের বোলিং তোপে পড়ে ৩১৭ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ফলে ২৩৯ রানের লিড পায় স্বাগতিকরা। কিউইদের হয়ে কেন উইলিয়ামসন ১৪০ রানের লড়াকু ইনিংস উপহার দেন। টম লাথাম করেন ৪৭ রান।
অস্ট্রেলিয়ার হয়ে প্রথম ইনিংসে মিচেল স্টার্ক চারটি এবং মিচেল জনসন নেন তিনটি উইকেট।
২৩৯ রানের বড় লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে জো বার্নস ও ডেভিড ওয়ার্নারের জোড়া সেঞ্চুরিতে ৪ উইকেটে ২৬৪ রান তোলে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। ফলে জয়ের জন্য ৫০৪ রানের পাহাড়সম লক্ষ্যমাত্রা পায় নিউজিল্যান্ড।
দ্বিতীয় ইনিংসে জো বার্নস ১২৯ ও ডেভিড ওয়ার্নার করেন ১১৬ রান।
নিউজিল্যান্ডের হয়ে দ্বিতীয় ইনিংসে মার্ক ক্রেইগ তিনটি এবং ট্রেন্ট বোল্ট নেন একটি উইকেট।
দুই ইনিংসেই দুটি সেঞ্চুরির সাহায্যে ২৭৯ রান করার সুবাদে ডেভিড ওয়ার্নার ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন।
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট আগামী ১৩ নভেম্বর পার্থের ওয়াকা গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে।

