আন্তর্জাতিক ডেস্ক : না, মোদি ম্যাজিক আর কাজে আসছে না। তাই বুঝি ভারতে বিহারের বিধানসভা নির্বাচনে হেরে যেতে চলেছেন মোদির দল। এ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোটে জয় পাওয়ার দাবি করেছেন সংযুক্ত জনতা দলের (জেডিইউ) নেতা শারদ যাদব।
রোববার শারদ যাদব স্থানীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে বলেন, ‘আমরা প্রায় ১৫০ আসন পাব।’ তিনি দলের এ সম্ভাব্য জয়কে ‘মানিব্যাগের বিপক্ষে নৈতিকতার জয়’ বলে অভিহিত করেছেন। তার দলকে বিজয়ী করায় বিহারের জনগণকে অভিনন্দনও জানিয়েছেন তিনি।
ওই নির্বাচনের ভোট গণনা এখনও চলছে। রোববার আরো পরের দিকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করার কথা। ২৪৩ আসনের এই বিধানসভা নির্বাচনে মোদি বিরোধী মহাজোট ১২৫ আসনে এগিয়ে রয়েছে যা রাজ্যে একক সরকার গঠনের পক্ষে যথেষ্ট। অন্যদিকে মোদির ভারতীয় জনতা পার্টি এগিয়ে রয়েছে ১০৩ আসনে। বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমারের মুখ্যপাত্র সঞ্জয় সিং বলেছেন,‘দেয়াল লিখন বদলে গেছে। বিহারে মোদি ম্যাজিক ব্যর্থ হয়েছে। আমরা এই লড়াইয়ে স্পষ্টতই বিজয়ী হয়েছি।’
বিজেপিকে পিছনে ফেলে বিহারে সরকার গড়ার পথে নিতীশের মহাজোট। এ নিয়ে পরপর তিনবার সরকার গড়তে চলেছেন নিতীশ কুমার। এই সুসংবাদে গোটা বিহার জুড়ে উচ্ছ্বাসে মাতোয়ারা জেডিইউ ও আরজেডি সমর্থকরা। রাজ্য জুড়ে চলছে মিষ্টি বিতরণ। দেদারসে ফুটছে আতসবাজি।

