আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হাতে আটক ৩৭ আসেরিয় খ্রিস্টান শনিবার ছাড়া পেয়েছেন। স্থানীয় এক মানবাধিকার গোষ্ঠীর বরাত দিয়ে এ খবর জানিয়েছে আরব নিউজ।
শনিবার সিরিয়ার মানবাধিকার গোষ্ঠী ‘দ্য আসিরিয়ান হিউমেন রাইটস নেটওয়ার্ক’ জানায়, আইএসের হাতে অপহৃত ৩৭ জন আসিরীয় খ্রিস্টান ছাড়া পেয়েছেন। মুক্তিপ্রাপ্তরা সবাই সুস্থ ও স্বাভাবিক আছেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তাদেরকে সিরিয়ার হাসাকাহ প্রদেশের শিরাম ও তাল জাজিরা এলাকা থেকে অপহরণ করেছিল জঙ্গিরা।
আসিরিয়ান নেটওয়ার্ক আরো জানিয়েছে,‘মুক্তিপ্রাপ্ত ওই আসিরিয়দের প্রায় সবাই বয়স্ক। এ দলের ২৭ জনই নারী-বাকিরা পুরুষ। ছাড়া পাওয়ার পর তারা শনিবার সকালে বাসে করে তাল তামের এলাকায় এসে পৌঁছেছেন। এসময় হাসাকা প্রদেশের তাল তামের গির্জার যাজক তাদের স্বাগত জানান। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটস তাদের ছাড়া পাওয়ার খবরের সত্যতা স্বীকার করেছে।
গত ফেব্রুয়ারি মাসে হাসাকা প্রদেশের বিভিন্ন এলাকা থেকে কমপক্ষে আসেরিয় সম্প্রদায়ের ২২০ জনকে অপহরণ করেছিল আইএস। এ পর্যন্ত ৮৮ জনকে মুক্তি দেয়া হয়েছে। এখনো ১৪০-১৫০ জন তাদের হাতে আটক রয়েছেন।
আসিরিয়ান নেটওয়ার্ক জানিয়েছে, জঙ্গিদের সঙ্গে দেন দরবার করে ওই ৩৭ খ্রিস্টানকে ছাড়িয়ে এনেছে স্থানীয় গির্জা কর্তৃপক্ষ। তবে অন্যরা বলছে, মুক্তিপণের বিনিময়ে এসব অপহৃতদের ছাড়িয়ে আনা হয়েছে। এর আগে গত সেপ্টেম্বরে ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটস’র প্রধান রামি আবদেল রাহমানও একই অভিযোগ করেছিলেন।
সিরিয়ায় মোট খ্রিস্টান সম্প্রদায়ের সংখ্যা ১২ লাখ যাদের মাত্র ৩০ হাজার আসেরিয়। মূলত: হাসাকাহ প্রদেশের ৩৫টি গ্রাম জুড়ে তাদের বসবাস। গত ফেব্রুয়ারিতে ওই প্রদেশটি দখল করে নিয়েছিল আইএস যোদ্ধারা। পরে অবশ্য কুর্দি বাহিনীর তাড়া খেয়ে তারা সেখান থেকে বিতাড়িত হয়।

