স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচ ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছিল সফরকারী জিম্বাবুয়ে। তাই প্রথম ওয়ানডেতে এলটন চিগুম্বারার দলের কাছ থেকে শুক্ত প্রতিদ্বন্দ্বীতার আশাই করেছিল স্বাগতিক বাংলাদেশ।
তবে প্রতিদ্বন্দ্বীতা তো দুরে থাক, উল্টো সিরিজের প্রথম ম্যাচে ১৪৫ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে এতো সহজে জয় পেয়ে যাবেন, এটা ভাবতেই পারেননি বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল।
সিরিজের প্রথম ম্যাচ জিতে (১-০) তে এগিয়ে গেছে বাংলাদেশ। সোমবার মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। এই ম্যাচটি জিতলেই ঘরের মাঠে টানা পাঁচটি ওয়ানডে সিরিজ জয়ের রেকর্ড গড়বে মাশরাফির দল।
দ্বিতীয় ওয়ানডে ম্যাচের প্রস্তুতির জন্য রোববার বিকেলে বাংলাদেশ দল মিরপুর স্টেডিয়ামে অনুশীলন করতে আসে। অনুশীলন শুরর আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তামিম ইকবাল।
সিরিজের প্রথম ম্যাচে এতো সহজে জয় পাওয়ায় বিস্মিত বাংলাদেশ দলের এই বাঁহাতি ওপেনার। শনিবার জিম্বাবুয়েকে ১৪৫ রানে হারানো প্রসঙ্গে তামিম বলেন, ‘ প্রস্তুতি ম্যাচে ওরা (জিম্বাবুয়ে) যেভাবে খেলেছিল তাতে আমরা সবাই আশা করেছিলাম দারুন প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ একটি ম্যাচ হবে। তবে এতো সহজে আমরা জয় পাবো এটা কিন্তু ভাবতেও পারিনি। আমরা আশা করেছিলাম জয় ঠিকই পাবো, তবে এই জয়ের পেছনে আমাদের অনেক কষ্টই করতে হবে।’

