স্পোর্টস ডেস্ক : শেষ ম্যাচেও নিজেদের রক্ষা করতে পারলো না ওয়েস্ট ইন্ডিজ। প্রথমবারের মতো ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশের লজ্জাবরণ করতে হলো। পাল্লেকেলেতে বৃষ্টিবিঘ্নিত তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচও তাদের হারতে হয়েছে ১৯ রানে। ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে একচ্ছত্র আধিপত্য দেখিয়ে জিতলো অ্যাঞ্জেলো ম্যাথিউজের দল।
এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে যথারীতি বৃষ্টিবাধায় পড়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। আগের দুটি ম্যাচের মতো এই ম্যাচেও ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে ৩৬ ওভারে নামিয়ে আনা হয়। আর তাতে ৯ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ স্কোরবোর্ডে ২০৬ রান তুলতে পারে।
এই রানও তোলা ক্যারিবিয়ানদের জন্য কঠিন ছিল যদি মারলন স্যামুয়েলস দাঁড়িয়ে না যেতেন। কার্যত তার ১১০ রানের ইনিংসই মান বাঁচিয়েছে সফরকারীদের। স্যামুয়েলস ৯৫ বলে ১৫ চার আর এক ছক্কার সাহায্যে এই রান করেন। বাকিদের মধ্যে অধিনায়ক জেসন হোল্ডার ১৯, ক্রেইগ ব্র্যাথওয়েট ১৮ রান করেন।
দুশমন্ত চামারা ৩৯, সুরঙ্গা লাকমল ৪০, লাসিথ মালিঙ্গা ৪৩ এবং অজন্তা মেন্ডিস ৫১ রানে পেয়েছেন ২টি করে উইকেট।
শ্রীলংকার জয়ের জন্য ৩৬ ওভারে দরকার পড়ে ১৯০ রান। ৫.৩ ওভারে ৪০ রান তুলে দারুন শুরু করে দিয়ে যান দু’ওপেনার তিলকারত্নে দিলশান এবং কুশল পেরেরা। দিলশান ২১ রানে ফিরলেও দুর্দান্ত ফর্মে থাকা কুশল ফিফটি তুলে নিয়েছেন। দ্বিতীয় ম্যাচে ১ রানের জন্য সেঞ্চুরি মিস করা লংকান ওপেনার এদিন ঠিক ৫০ করে আউট হয়ে গেছেন। ৪৭ বলে খেলা কুশলের এই ইনিংসে ছিল দুটি করে চার-ছক্কা।
১৮০ রান তোলার পর আবার বৃষ্টিবাধায় পড়ে ম্যাচটি। শেষ পর্যন্ত ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে ১৯ রানে জয় পায় শ্রীলংকা। ম্যাথিউজ ২৭ রানে অপরাজিত থাকেন। এছাড়া দিনেশ চাান্ডিমাল ২৩, লাহিরু থিরিমান্নে ২১, শ্রীবর্ধনে ১৭ রান করেন।
হোল্ডার ৪৪ রানে পান ২টি উইকেট। পরাজিত দলে থেকেও দুর্দান্ত ইনিংস উপহার দেওয়ার জন্য ম্যাচসেরার পুরস্কার জিতেছেন স্যামুয়েলস। সিরিজ সেরা হয়েছেন কুশল পেরেরা।

