বিনোদন প্রতিবেদক : কথা ছিলো ৯ নভেম্বর ‘কৃষ্ণপক্ষ’ ছবির সেটে ফিরবেন রিয়াজ। কিন্তু কাউকে কিছু না জানিয়ে, অনেকটা গোপনেই রোববার সকাল থেকে উত্তরার হইচই শুটিং বাড়িতে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। দুপুরে ‘কৃষ্ণপক্ষ’ ছবির প্রধান সহকারি পরিচালক জুয়েল এ তথ্য নিশ্চিত করেছেন।
গত কয়েকদিন ধরেই বলা হচ্ছিলো শিগগিরই শুটিংয়ে ফিরবেন চিত্রনায়ক রিয়াজ। সম্ভাব্য তারিখ ৯ নভেম্বর। তখন ‘কৃষ্ণপক্ষ’ ছবির পরিচালক মেহের আফরোজ শাওন জানিয়েছিলেন, তারা শুটিংয়ের প্রস্তুতি নিয়ে রেখেছেন। এমনকি ১১ নভেম্বরের পর আরো তিন দিনের একটি সময় বাছাই করা হয়েছে। পাশাপাশি এও জানিয়েছিলেন, রিয়াজের শুটিংয়ে ফেরার ক্ষেত্রে চিকিৎসকের নির্দেশনাই চূড়ান্ত।
আশার কথা হলো, অসুস্থতার ধকল কাটিয়ে আবারো শুটিংয়ে ফিরেছেন চিত্রনায়ক রিয়াজ। রোববার সকালে রাজধানীর উত্তরার হইচই শুটিং বাড়িতে হাজির হন তিনি। এরপরপর শুরু হয় চিত্রধারণের কাজ। আগামী কয়েকদিন এখানেই ব্যস্ত সময় পার করবেন রিয়াজ।
উল্লেখ্য, গত ২২ অক্টোবর ‘কৃষ্ণপক্ষ’ শুটিং সেটে অসুস্থ হয়ে পড়েন রিয়াজ। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার হার্টে চারটি ব্লক ধরা পড়ে। তাৎক্ষণিক অপারেশন করে একটিতে রিং পরিয়ে দেওয়া হয়। এরপর চিকিৎসা শেষে তাকে ডাক্তার ছয় মাসের পূর্ণ বিশ্রামের নির্দেশ দেন।

