স্পোর্টস ডেস্ক : ব্রিসবেন টেস্টের প্রথম ইনিংসে সফকারী নিউজিল্যান্ডের বিপক্ষে ২৩৯ রানের বিশাল লিড পাওয়ার পর অস্ট্রেলিয়ার সামনে প্রতিপক্ষকে ফলো-অনে ফেলার সুযোগ ছিল। তবে ভিন্ন পথে হাঁটলেন অসি অধিনায়ক স্টিভেন স্মিথ। কিউইদের ফলো-অনে না ফেলে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন তিনি। শনিবার টেস্টের তৃতীয় দিনের শেষ বেলায় ২৫ বলে ব্যবধান চার চারজনকে হারালেও রান পাহাড়েই উঠেছে স্টিভেন স্মিথের দল।
প্রথম ইনিংসে ২৩৯ রানের লিড নিয়ে ব্যাটিংয়ে নেমে শনিবার ব্রিসবেন টেস্টের তৃতীয় দিন শেষে ৪ উইকেটে ২৬৪ রান করেছে অস্ট্রেলিয়া। ফলে স্বাগতিক লিড গিয়ে দাঁড়ালো ৫০৩- এ।
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও নিউজিল্যান্ড বোলারদের ওপর ‘তাণ্ডব’ চালান দুই অস্ট্রেলিয়ান ওপেনার জো বার্নস ও ডেভিড ওয়ার্নার। এই দুজন বলের সঙ্গে পাল্লা দিয়ে ওয়ানডে স্টাইলে ব্যাটিং শুরু করেন। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি তুলে ওয়ার্নার। প্রথম ইনিংসে সেঞ্চুরি-বঞ্চিত হওয়া বার্নস দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে তবেই থামেন।
প্রথম ইনিংসে ১৬৩ রান করা ওয়ার্নার দ্বিতীয় ইনিংসে ১১৩ বলে ৮টি চার ও ২টির ছক্কার সাহায্যে ১১৬ রান করেন। পিছিয়ে ছিলেন না প্রথম ইনিংসে ৭১ রানের ইনিংস খেলা জো বার্নসও। দ্বিতীয় ইনিংসে ১২৩ বলে ১৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে তিনি ১২৯ রান করেন।
প্রথম উইকেট জুটিতে জো বার্নস ও ডেভিড ওয়ার্নার ২৩৭ রান তোলার পর অস্ট্রেলিয়ার ইনিংসে ‘মিনি ধস’ নামে। ২৩৭ থেকে ২৬৩- এই ২৬ রানের ব্যবধানে চার চারজন স্বাগতিক ব্যাটসম্যান সাজঘরে ফেরেন। ওয়ার্নার ও বার্নস সেঞ্চুরি করলেও চরম ব্যর্থতার পরিচয় দেন স্টিভেন স্মিথস ও মিচেল মার্শ। স্মিথ ১ ও মার্শ ২ রান করে সাজঘরে ফেরেন।
তবে দ্রুত চার উইকেট হারিয়ে ফেললেও সেটা নিয়ে কোনো চিন্তা হওয়ার কথা নয় অস্ট্রেলিয়া। ছয় উইকেট হাতে নিয়ে তাদের লিড যে ৫০০ পেরিয়ে গেছে।
অস্ট্রেলিয়ার করা ৫৫৬ রানের জবাবে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া নিউজিল্যান্ডকে ফলো-অন থেকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করেন কেন উইলিয়ামসন। ওয়ান-ডাউনে খেলতে নেমে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ১৪০ রানের দুর্দান্ত এক ইনিংস উপহার দেন তিনি। উইলিয়ামসনের ইনিংসটি ২৪টি চারের সাহায্যে সাজানো।
কিউইদের হয়ে বিজে ওয়াটলিং ৩২ ও মার্ক ক্রেইগ করেন ২৪ রান। আগের দিন টম লাথাম ৪৭ ও গাপটিল করেন ২৩ রান। ব্যাট হাতে ম্যাককলাম (৬), জেমস নিশাম (৩) ও রস টেলর (০) চরম ব্যর্থতার পরিচয় দেন।
অস্ট্রেলিয়ার হয়ে দুই মিচেল- স্টার্ক চারটি ও জনসন তিনটি উইকেট লাভ করেন। একটি করে উইকেটটি নেন জস হ্যাজেলউড, নাথান লায়ন ও মিচেল মার্শ।
এর আগে উসমান খাজার ১৭৪, ডেভিড ওয়ার্নারের ১৬৩ ও অ্যাডাম ভোজেসের ৮৩ রানের ওপর ভর করেন প্রথম ইনিংসে ৪ উইকেটে ৫৫৬ রান তোলে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। অসিদের হয়ে জো বার্নস ৭১ ও স্টিভেন স্মিথ ৪৮ রানের দুটি দারুণ ইনিংস খেলেন।
নিউজিল্যান্ডের হয়ে কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি ও জেমস নিশাম একটি করে উইকেট লাভ করেন।

