তথ্যপ্রযুক্তি ডেস্ক : দৃষ্টি প্রতিবন্ধী এবং পক্ষাগাতগ্রস্থদের জন্য স্মার্ট কন্ট্রোল গ্লাস তৈরি করে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে বাংলাদেশের কিশোর নাজমুস সাকিব। এই স্মার্ট কন্ট্রোল গ্লাস ব্যবহার করে অন্ধরাও পথ চলতে পারবেন। চলার পথে ডানে-বামে ১৮০ ডিগ্রি কোণে কোনো বস্তুর অস্তিত্ব পেলেই সংকেত দেবে এ গ্লাস। সাকিবের এই উদ্ভাবনের স্বীকৃতি হিসেবে প্রিন্স আব্দুল আজিজ উদ্যোক্তা পুরস্কার পেয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশ নেওয়া ৪০টি দেশের মধ্যে সেরা উদ্যোক্তা পুরস্কার জিতে নেয় সাকিব। সে ঢাকা বিএসআইআর স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।
৩ নভেম্বর মঙ্গলবার রিয়াদের রিজ কাল্টন হোটেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সাকিবের হাতে পুরস্কার তুলে দেন দ্য সেনটেনিয়াল ফান্ডের (টিসিএফ) বোর্ড অব ডিরেক্টর আব্দুল আজিজ আল মোতাইরি।
নাজমুস সাকিবের উদ্ভাবিত স্মার্ট গ্লাসের সহায়তায় পক্ষাগাতগ্রস্থ ব্যক্তি রুমের ফ্যান, লাইট চালানোর মত সক্ষমতা অর্জন করে পারবে।
এদিকে, সাকিবের এই অর্জনকে আরও স্মরণীয় করে রাখতে ৪ নভেম্বর সন্ধ্যায় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ তার বাসভবনে সংবর্ধনার আয়োজন করে।
এতে অতিথি ছিলেন, দ্য সেনটেনিয়াল ফান্ডের (টিসিএফ) বোর্ড অব ডিরেক্টর আব্দুল আজিজ আল মোতাইরি এবং রিয়াদ বাংলাদেশ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিসহ দূতাবাসের কর্মকর্তারা।
সাকিব জানায়, বাজারে বর্তমানে যেসব স্মার্ট কন্ট্রোল গ্লাস পাওয়া যায় তার মূল্য কমপক্ষে ১ হাজার ডলার। কিন্তু তার স্মার্ট কন্ট্রোল গ্লাস মাত্র ৩ হাজার টাকায় কেনা যাবে।

