স্পোর্টস ডেস্ক : ‘সেক্স টেপ’ দিয়ে ব্ল্যাকমেইলের ঘটনায় জড়িয়ে পড়া রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার করিম বেনজেমা আর লিঁও তারকা ম্যাথিউ ভালবুয়েনাকে জার্মানি ও ইংল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের দল থেকে বাদ দিয়েছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম।
গত বুধবার ‘সেক্স টেপ’ দিয়ে ব্ল্যাকমেইলের মামলায় জিজ্ঞাসাবাদ করতে ফরাসি পুলিশ করিম বেনজেমাকে গ্রেপ্তার করেছে। যদিও এই ঘটনায় নিজেকে নির্দোষ দাবি করেন রিয়াল তারকা। ঊরুর ইনজুরিতে ভুগায় আগ থেকেই তিনি ফ্রান্স দলের বাইরে ছিলেন। বৃহস্পতিবার জামিনে ছাড়া পাওয়ার পর রিয়াল মাদ্রিদের হয়ে একা অনুশীলন করেন এই ফরাসি স্ট্রাইকার।
অন্যদিকে লিঁও মিডফিল্ডার ম্যাথিউ ভালবুয়েনা খেলার মতো মানসিক পরিস্থিতিতে নেই বলে উল্লেখ করেন ফরাসি কোচ দিদিয়ের দেশম। যে কারণে তাকে প্রীতি ম্যাচ দুটির জন্য বিবেচনা করা হয়নি। ২০১২ সালে দেশম ফ্রান্সের দায়িত্ব নেয়ার পর এই প্রথম জাতীয় দল থেকে বাদ পড়লেন ভালবুয়েনা।
আগামী ১৩ নভেম্বর জার্মানির বিপক্ষে ঘরের মাঠে মুখোমুখি হবে ফ্রান্স। ১৭ নভেম্বর ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে ২০১৬ ইউরো চ্যাম্পিয়নশিপের আয়োজক ফ্রান্স।
প্রসঙ্গত, ‘সেক্স টেপ’ ঘটনার মূল হোতা ম্যাথিউ ভালবুয়েনা। ফ্রান্সের এক ম্যাচ উপলক্ষে জাতীয় দলে সব ফুটবলার একসঙ্গে হোটেলে ওঠার পর ঘটনাটি ঘটে। ভালবুয়েনা একটি সেক্স টেপ করেন। যে সেক্স টেপটি কোনোভাবে কিছু ব্ল্যাক-মেলারের হাতে চলে যায়। লিওঁর ফুটবলার ভালবুয়েনাকে এরপর ফাঁদে ফেলে হুমকি দেওয়া হয়। বড় অঙ্কের টাকা না দিলে সেক্স টেপটি ছেড়ে দেয়া হবে বলে জানিয়ে দেয়া হয়।
তবে এখানে বেনজেমা কেন দোষী? প্রশ্ন উঠতেই পারে। তবে ধারণা করা হচ্ছে, যারা ব্ল্যাকমেইল করছে, তাদের সঙ্গে বেনজেমার এক আত্মীয়ের যোগসূত্র আছে। আর সে কারণেই বেনজেমাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

