স্পোর্টস ডেস্ক : চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে স্বাগতিক ভারতকে ২০১ রানে গুটিয়ে দিয়ে স্বস্তিতে থাকার কথা ছিল দক্ষিণ আফ্রিকার। তবে প্রোটিয়াদের সেই স্বস্তি কেড়ে নিলেন রবিচন্দ্রন অশ্বিন। এই ভারতীয় স্পিনারের তোপে পড়ে রীতিমতো কাঁপছে সফরকারী শিবির।
শুক্রবার মোহালি টেস্টের দ্বিতীয় দিন ২ উইকেটে ২৮ রান নিয়ে ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা। শুরুটা দারুণ করেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান হাশিম আমলা ও ডিন এলগার। তবে দিনের প্রথম সোয়া এক ঘণ্টা নির্বিঘ্নে কাটিয়ে দিলেও এরপর দুর্দান্ত এক স্পেলে প্রোটিয়া শিবিরকে কাঁপিয়ে দেন অশ্বিন।
নিজের পাঁচ ওভারের ছোট্ট এক স্পেলে তিন সফরকারী ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান অশ্বিন। অশ্বিনের তোপে পড়ে ৮৫ থেকে ১০৭- এই ২২ রানের ব্যবধানে একে একে ফিরে যান ডিন এলগার, হাশিম আমলা ও ডেন ভিলাস। এর মধ্যে আমলা ও ডেন ভিলাসকে একই ওভারে আউট করেন অশ্বিন।
অশ্বিনের বোলিং তোপে পড়ে ভারতকে ২০১ রানে গুটিয়ে দেয়ার পর লিড নেয়ার যেই স্বপ্ন দেখতে শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা, তা ধীরে ধীরে মিইয়ে যেতে শুরু করেছে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৫ উইকেটে ১২৭ রান। এবি ডি ভিলিয়ার্স ২৬ ও ভারনন ফিল্যান্ডার ২ রান নিয়ে ব্যাট করছেন। আমলা ৪৩ ও ডিন এলগার ৩৭ রান করে সাজঘরে ফেরেন। ডেন ভিলাস (১), ডু প্লেসিস (০) ও ফন জিল (৫) সবাই ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন।
এর আগে ডিন এলগার, ইমরান তাহির ও ভারনন ফিল্যান্ডারের বোলিং তোপে পড়ে প্রথম ইনিংসে মাত্র ২০১ রানে গুটিয়ে যায় স্বাগতিক ভারত। ভারতের হয়ে মুরালি বিজয় ৭৫ রানের লড়াকু এক ইনিংস উপহার দেন। এছাড়া রবিন্দ্র জাদেজা ৩৮ ও চেতেশ্বর পূজারা করেন ৩১ রান। শিখর ধাওয়ান (০), বিরাট কোহলি (১), হৃদ্ধিমান সাহা (০) ও আজিঙ্কা রাহানে (১৫) সবাই ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দেন।
দক্ষিণ আফ্রিকার হয়ে ডিন এলগার সর্বোচ্চ চারটি উইকেট লাভ করেন। দুটি করে উইকেট নেন ফিল্যান্ডার ও ইমরান তাহির।
প্রসঙ্গত, টেস্ট সিরিজের আগে ওয়ানডে ও টি-২০ সিরিজে ভারতকে পরাজিত করে সফরকারী দক্ষিণ আফ্রিকা। টি-২০ সিরিজে ২-০ ব্যবধানে এবং ওয়ানডে সিরিজে ৩-২ ব্যবধানে জয় পায় ফাফ ডু প্লেসিস ও এবি ডি ভিলিয়ার্সের দল।

