মুন্সীগঞ্জ প্রতিনিধি : জেলার টঙ্গীবাড়ি উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি সেন্টু ওরফে পিচ্চি সেন্টু (৩৫) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।
নিহত পিচ্চি সেন্টু উপজেলার পশ্চিম সোনরংয়ের জয়নাল ব্যাপারীর ছেলে।
টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, বুধবার পিচ্চি সেন্টুকে পাইকপারা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে তাকে নিয়ে পুলিশ কাঁঠাদিয়ায় অস্ত্র উদ্ধারে যায়। সেখানে ওঁৎ পেতে থাকা সেন্টুর সহযোগীরা পুলিশের দিকে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় পিচ্চি সেন্টু পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তার গায়ে গুলি লাগে এবং ঘটনাস্থলে তিনি মারা যান। এ ঘটনায় টঙ্গীবাড়ি থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন, কনস্টেবল দেলোয়ার হোসেন ও মিজানুর রহমান আহত হন। তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পিচ্চি সেন্টুর লাশ মুন্সীগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের বিরুদ্ধে মুন্সীগঞ্জের বিভিন্ন থানায় অস্ত্র, মাদকসহ বিভিন্ন আইনের আটটি মামলা রয়েছে। এর মধ্যে মারামারির এক মামলায় দুই বছরের সাজার আদেশ নিয়ে তিনি বেশ কিছুদিন ধরে পলাতক ছিলেন।

