ময়মনসিংহ প্রতিনিধি : সদর উপজেলার রাঘবপুর এলাকায় ট্রাকের ধাক্কায় কুতুব উদ্দিন (৬০) নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হন আরো চারজন। এর প্রতিবাদে জনতা এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কুতুব উদ্দিন কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার ২নং সিদলা ইউনিয়নের আওয়ামী লীগের কর্মী। এবং হারেঞ্জা গ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ওই স্থানে একটি ট্রাক যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ট্রাক ও সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই কুতুব উদ্দিন মারা যান। এছাড়া আহত হন আরো চার জন।
আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর প্রতিবাদে জনতা এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এ খবর পেয়ে জেলা প্রশাসক মোস্তাকীম বিল্লাহ ফারুকী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জেলার কোতোয়ালি মডেল থানার এসআই অসীম কুমার দাস জানান, এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

