নিজস্ব প্রতিবেদক : সরকার ধর্মে-ধর্মে সংঘাত সৃষ্টি করে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান।
তিনি বলেন, ‘সরকারের অপরাজনীতির কারণে জাতীয় সংহতি বিনষ্ট হচ্ছে। তাই সরকারের এই চক্রান্তের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।’
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
ন্যাপের দপ্তর সম্পাদক মো. নুরুল আমান চৌধুরী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
‘কমরেড মেহেদী স্মরণে’ আয়োজিত এ আলোচনা সভায় শফিউল আলম প্রধান বলেন, ‘সরকারবিরোধী রাজনীতির কণ্ঠরোধ করতে গিয়ে বিদেশিদের কাছে নিজের দেশকে জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে প্রমাণ করার আত্মঘাতী খেলা খেলতে গিয়ে নিজেই বিপদে ঠেলে দিয়েছে জাতিকে।’ দেশে বর্তমানে ’৭২-’৭৫-এর চেয়ে ভয়াবহ সংকট চলছে বলেও মন্তব্য করেন তিনি।
সভাপতির বক্তব্যে জেবেল রহমান গাণি বলেন, ‘দেশে কোনো অঘটন ঘটলে তা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত ছাড়াই সরকার ঘটনাগুলোকে বিরোধী দলের ওপর চাপিয়ে দিয়ে অপরাজনীতি করছে।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আয়োজক সংগঠনের চেয়ারম্যান জেবেল রহমান গাণি’র সভাপতিত্বে এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা, ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া, কল্যাণ পার্টির ভাইস চেয়ারম্যান সাহিদুর রহমান তামান্নাসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

