নিস্বজ প্রতিবেদক : বর্তমান সরকার বিভ্রান্তির বেড়াজালে জণগণকে আটকিয়ে দেশ শাসন করতে চাচ্ছে বলে মন্তব্য করেছে জাতীয়তাবাদী যুবদল।
বুধবার দুপুরে যুবদলের দপ্তর সম্পাদক কাজী রফিক স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ মন্তব্য করে সংগঠনটি।
বিবৃতিতে যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব মির্জা ফখরুলকে মুক্তি না দিয়ে কারাগারে প্রেরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
তারা বলেন, পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে খ্যাত মির্জা আলমগীরকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় জড়িয়ে বারবার কারারুদ্ধ করা হচ্ছে। ফলে প্রমাণ হয়, সরকার মিথ্যা ও অযৌক্তিক পথে হাঁটছে।
ক্ষমতাসীনরা বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার ও কারাগারে বন্দি করার পথ বেছে নিয়েছে বলে মন্তব্য করে নেতৃদ্বয় বলেন, আর এই ষড়যন্ত্রের অংশ হিসেবেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মুক্তি না দিয়ে কারাগারে প্রেরণ করেছে ক্ষমতাসীনরা।
আলাল ও নীরব বলেন, দেশ পরিচালনায় সর্বক্ষেত্রে ব্যর্থতার কারণে সরকার দিশেহারা হয়ে বিরোধী রাজনীতিকদের কণ্ঠরোধের অপচেষ্টায় লিপ্ত হয়েছে।
অবিলম্বে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির দাবি জানান তারা।

