নিজস্ব প্রতিবেদক : সব হত্যাকাণ্ডের পেছনে জামায়াত জড়িত, তারা নাম পরিবর্তন করে একেকবার একেক নামে আত্মপ্রকাশের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সেইসঙ্গে খালেদা জিয়া লন্ডনে বসে দেশে গুপ্তহত্যা পরিচালনা করছেন বলে প্রধানমন্ত্রীর বক্তব্যেরও সমর্থন করেছেন তিনি।
মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ‘সব হত্যাকাণ্ডের পেছনে জামায়াত জড়িত। তারা নাম পরিবর্তন করে একেকবার একেক নামে আত্মপ্রকাশের চেষ্টা করছে। জেএমবি, হরকাতুল জিহাদ, আনসার আল ইসলাম কিংবা আল-কায়েদা বাংলাদেশ, এই সবার উৎস্য জামায়াত-শিবির। সত্য উদঘাটন করেই সবাইকে জানাব। একটু সময় দিতে হবে’।
তিনি আরো বলেন, ‘গুপ্ত হত্যার পরিকল্পনা লন্ডন বসেই করুক কিংবা অন্য কোন জায়গায় বসে করুক তাদের আমরা খুঁজে বের করছি।’
সোমবার জেল হত্যা দিবসের সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে খালেদা জিয়া লন্ডনে বসে এখন লেখক, প্রকাশক ও বিদেশিদের টার্গেট করে গুপ্তহত্যায় নেমেছেন। কারণ, সম্প্রতি সংগঠিত বিভিন্ন হত্যাকাণ্ডের পর যাদের আটক করা হয়েছে, তাদের প্রত্যেকেই অতীত জীবনে বিএনপি অথবা ছাত্রশিবিরের কর্মী ছিলেন।’
প্রধানমন্ত্রী বক্তব্যের পক্ষে তথ্য প্রমাণ আছে কিনা বা এ বক্তব্য তদন্ত কাজে প্রভাবিত করবে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে নিশ্চয়ই তথ্য আছে। তদন্তের মাধ্যমে এটা বের হয়ে আসবে।’
খালেদা জিয়া দেশে ফিরলে তাকে এ মামলায় আসামি করা হবে কিনা- জানতে চাইলে কামাল বলেন, ‘যারা পরিকল্পনা করেছেন, ঘটনা ঘটিয়েছেন, আর্থিক সহযোগিতা করেছেন সবাইকে খোঁজা হচ্ছে। যারাই জড়িত থাকবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেব। লন্ডন কিংবা অন্য কোনো জায়গায় বসে করুক।’
জামায়াত নিষিদ্ধ করা হবে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘এ বিষয়ে মামলা বিচারাধীন রয়েছে। তার না হওয়া পর্যন্ত কিছু বলতে পারব না।’
একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ কিনা- জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘না, আইন শৃঙ্খলা বাহিনী অনেক কাজ করছে। আমাদের আইন-শৃঙ্খলা ভাল।’ প্রকাশকদের উপর দুই হামলায় দু’টি মামলা হয়েছে জানিয়ে কামাল বলেন, ‘সর্বোচ্চ পর্যায়ে এ ঘটনার তদন্ত হচ্ছে।’
প্রসঙ্গত, শনিবার আজিজ সুপার মার্কেটে জাগৃতির প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। একই দিন দুপুরে শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশিদ টুটুল, লেখক ও ব্লগার রণদীপম বসু ও তারেক রহিম দুর্বৃত্তদের হামলায় আহত হন।

