নিজস্ব প্রতিবেদক : বিএনপি থেকে সদ্য বিদায় নেয়া শমসের মবিন চৌধুরী সম্পর্কে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘বিএনপির কোনো আদর্শ নেই। আদর্শহীন দল থেকে অনেকেই বিদায় নেবেন। বিভিন্ন দলছুট রাজনৈতিক নেতাদের নিয়ে বিএনপি গঠন করা হয়েছে। সে দলের কোনো আদর্শ থাকতে পারে না।’
শুক্রবার সকালে পুরনো ঢাকার পোস্তগোলা শ্মশানঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতীর রক্ষা ও অবৈধ স্থাপনা রোধে শ্যামবাজার-শ্মশানঘাট নির্মাণাধীন রাস্তা পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, ‘পোস্তগোলা এলাকায় ছয়তলা বিশিষ্ট একটি লঞ্চ টার্মিনাল নির্মাণ করা হবে। শ্যামবাজার-শ্মশানঘাট নির্মাণাধীন রাস্তাটি বাস্তবায়ন হলে নদীর অবৈধ স্থাপনা নির্মাণ রোধ করা যাবে। রাস্তাটির পাশাপাশি ওয়াকওয়ে ও বনায়ন করা হবে। ওয়াকওয়ে দিয়ে জনগণ চলাচল করতে পারবে।’ এতে যানজট দূর হবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।
শ্যামবাজার থেকে পোস্তগোলা পর্যন্ত আড়াই কিলোমিটার রাস্তা, ওয়াকওয়ে ও বনায়ন করতে ২০ কোটি টাকা ব্যয় হবে বলে মন্ত্রী জানান।
এসময় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর মোজাম্মেলন হক, বিআইডব্লিউটিএ সদস্য (ইঞ্জিনিয়ার) প্রকৌশলী মফিজুল হক, প্রধান প্রকৌশলী (সিভিল) মো. মজিবুর রহমানসহ অন্য কর্মকর্তারা মন্ত্রী সঙ্গে উপস্থিত ছিলেন।

