নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শমসের মবিন পদত্যাগ করায় তাকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, ‘আমি আগেই বলেছিলাম বিএনপিকে ঢেলে সাজানো উচিত। কারণ খালেদা জিয়া ও তারেক রহমান সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় তাদের উপর থেকে দলীয় নেতাকর্মীরা অনেক আগেই আস্থা হারিয়ে ফেলেছেন। শমসের মবিনও খালেদার প্রতি আস্থা হারিয়ে বিএনপি থেকে পদত্যাগ করেছেন’
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে আওয়ামী লীগের এক যৌথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, ‘শমসের মবিনের পদত্যাগ আবারও প্রমাণ করেছে খালেদা জিয়া বিদেশে বসেও ষড়যন্ত্র করছেন। বিএনপিকে ক্ষমতায় আনার জন্য বিদেশে বসেই সন্ত্রসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এমন কি তিনি লবিস্ট নিয়োগ করেছেন বিএনপিকে কিভাবে ক্ষমতায় আনা যায় তার জন্য। আমাদের কাছে তথ্য আছে, গত ২০ ফেব্রুয়ারি এ ধরনের চুক্তি হয়েছে। সেখানে স্পষ্ট করে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করার বিষয়ে বলা হয়েছে।’
এসময় হানিফ বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের বক্তব্যের সমালোচনা করে বলেন, ‘বিদেশি নাগরিক হত্যার দায় বিএনপির শীর্ষনেতাদেরও নিতে হবে।’
তিনি বলেন, ‘নজরুল ইসলাম সাহেব আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি বলেছেন বিদেশি নাগরিক হত্যায় কাইয়ূম কমিশনার জড়িত, এটা তার ব্যক্তিগত বিষয়। তার প্রেক্ষিতে আমরা জিজ্ঞেস করেছিলাম এ হত্যার সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক কেন? কিন্তু আপনি তার উত্তর দিতে পারেননি।’
হানিফ বলেন, ‘রাজনৈতিক উদ্দেশ্য সাধনে এ হত্যাকাণ্ডের নির্দেশ লন্ডন থেকে হয়েছে শেখ হাসিনা সরকারের পতন ঘটানোর জন্য। দেশের আইন অনুযায়ী বিএনপির শীর্ষ নেতাদের এ হত্যার দায় নিতে হবে।’
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, শিশু বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কর্নেল (অব) ফারুক খান, সাংগঠনিক সম্পাদক আহমদে হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবাহান গোলাপ, ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন, উত্তর সিটির মেয়র আনিসুল হক প্রমুখ।

