নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘আজকে দেশের এই অবস্থার জন্য বিএনপি নেত্রী খালেদা জিয়া দায়ী। আমি স্বপ্ন দেখি খালেদা জিয়া আর দেশে আসবেন না। তিনি দেশে বসে মানুষ মারেন। বিদেশে বসেও মানুষ মারেন। তার মারা ছাড়া আর কোনো কথা নেই।
মঙ্গলবার দুপুরে রাজধানীর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নগর আওয়ামী লীগ আয়োজিত জেলা হত্যা দিবস উপলক্ষে ২ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে দলের জনসভা সফল করার লক্ষ্যে এক বর্ধিত সভায় তিনি এমন মন্তব্য করেন।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা প্রতিটি পাড়ামহল্লায় পাহাড়া বসাবেন। কোনো অপরিচিত লোকজন ঘোরা ফেরা করেন কিনা তা লক্ষ্য রাখবেন। এমন কেউকে দেখলে প্রশাসনকে জানাবেন। ধরে পুলিশে দেবেন। এখন ধর্য ও ঐক্য প্রয়োজন। আমরা অতন্দ্রী প্রহরীর মতো শেখ হাসিনার পাশে থাকতে চাই।’
মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন নগররের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কামরুল ইসলাম, আওলাদ হোসেন, সহ-সভাপতি শেখ বজলুর রহমান, মুকুল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. দীলিপ রায়, প্রচার সম্পাদক আব্দুল হক সবুজ প্রমুখ।

