পাবনা প্রতিনিধি : সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার বোয়ালমারী গ্রামের দুবাই প্রবাসী ব্যবসায়ী আনিছুর রহমান সোহাগকে (৩২) অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার।
এ ঘটনায় সোমবার রাতে আতাইকুলা থানায় পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অপহৃত সোহাগ ওই গ্রামের আবু সাঈদের ছেলে।
সোহাগের বাবা আবু সাইদ মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের জানান, প্রায় আট বছর ধরে তার ছেলে চাকরির সুবাদে দুবাই থাকতো। মাস খানেক আগে সোহাগ ছুটি নিয়ে বাড়িতে আসে। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে সোহাগের বন্ধু ইমন মোবাইল করে তাকে ডেকে নিয়ে যায়। তারা জিজ্ঞাসা করলে সোহাগ তার পরিবারের লোকজনকে জানায়, ইমন তার বন্ধ, তারা একসঙ্গে দুবাই থাকতো। ওর বাড়ি পাবনা শহরে। এ কথা শুনে বাড়ির লোকজন চিন্তামুক্ত থাকেন।
কিন্তু সন্ধ্যা ৭টার দিকে ইমন ফোন করে সোহাগের পরিবারকে জানায়, কয়েকজন দুর্বৃত্ত একটি মাইক্রোবাসে এসে সোহাগকে অপহরণ করে নিয়ে গেছে। এ খবর পাওয়ার পর সারা রাত পাবনার বিভিন্ন স্থানে ছেলে সোহাগ ও তার বন্ধু ইমনকে খুঁজতে থাকেন তারা। সোহাগ ও তার বন্ধু ইমনের মোবাইল ফোনও বন্ধ ছিল। পরে সোমবার রাতে সোহাগের তিনি আতাইকুলা থানায় একটি অভিযোগ করেন বলে জানান সোহাগের বাবা আবু সাইদ।
মোটা অংকের টাকা আদায়ের জন্যই সোহাগকে অপহরণ করা হয়েছে বলেও ধারণা করছেন তিনি।
এ ব্যাপারে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, অভিযোগের প্রেক্ষিতে আতাইকুলা থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথভাবে ঘটনাটি অনুসন্ধান ও সোহাগকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখনই কিছু বলা সম্ভব হচ্ছে না।

