গাজীপুর প্রতিনিধি : বকেয়া বেতন ভাতার দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে দুটি কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। এ সময় শ্রমিকরা কর্মবিরতি পালন করে বিক্ষোভ করে।
পুলিশ ও আন্দোলনরত শ্রমিকরা জানায়, কালিয়াকৈর উপজেলার সিনাবহ এলাকায় মিম নুন ফেব্রিক্স ও শাহদাত নিট কম্পোজিট নামের পোশাক কারখানার শ্রমিকদের তিন মাসের বকেয়া বেতন পাওনা ছিল।
সোমবার সকালে পাওনা বকেয়া বেতনের দাবিতে কারখানার ৫ শতাধিক শ্রমিক আন্দোলনে নামে। এ সময় তারা কর্মবিরতি করে বিক্ষোভ শুরু করে ও ভাঙচুরের চেষ্টা চালায়। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। পরে বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা শান্ত হন।
গাজীপুর শিল্প পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) তাহমিদুল ইসলাম জানান, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে কারখানার ভেতর ভাঙচুর যাতে না হয়, সেজন্য গেটে তালা লাগিয়ে রাখা হয়। পরে কারখানা কর্তৃপক্ষ বেতন প্রদানের আশ্বাসের পর শ্রমিকরা শান্ত হয়। কারখানা নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

