কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের রামু উপজেলারর ঈদগড় পাহাড়ি এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ ১২ জনকে আটক করেছে পুলিশ। এদিকে পুলিশের দাবি এরা শুক্রবার ঈদগড়ে অ্যাম্বুলেন্স আটকে ৩ জনকে অপহরণের ঘটনায় জড়িত থাকতে পারে।
রোববার ভোরের দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের নাম-পরিচয় জানা যায়নি।
অভিযানে নেতৃত্বদানকারী পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার ছত্রধর ত্রিপুরা জানান, শুক্রবার ভোরে ঈদগাঁও-বাইশারী সড়কের ঈদগাঁও ঢালা নামক স্থানে কালভার্টের উপর গাছ ফেলে অ্যাম্বুলেন্স আটকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আবু তৈয়ব, বাইশারীর তুফান আলী পাড়ার আবু বক্কর সিদ্দিক ও তার বন্ধু শাহ আলমকে অপহরণ করা হয়।
পুলিশ ২৪ ঘণ্টা পর শনিবার ভোরে কক্সবাজার সদরের ঈদগাঁও ইউনিয়নের গজালিয়ার পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করে জিজ্ঞাসাবাদ করে। তাদের দেয়া তথ্য মতে পুলিশ অভিযান চালিয়ে ঈদগড় পাহাড়ি এলাকা থেকে ৩টি আগ্নেয়াস্ত্র ও ১১ রাউন্ড কার্তুজসহ ১২ জনকে আটক করে।
তিনি জানান, আটকদের রামু থানা ও ঈদগাঁও পুলিশ ফাঁড়িতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

