লক্ষ্মীপুর প্রতিনিধি : রায়পুর থানা পুলিশের দায়ের করা নাশকতার মামলায় বিএনপি ১৫ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
রোববার দুপুরে নেতাকর্মীরা লক্ষ্মীপুর জেলা দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদের কারাগারে পাঠান।
নেতাকর্মীরা হলেন- পৌর ৩নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি নাজমুল ইসলাম নাজু, রায়পুর পৌর যুবদলের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, পৌর ২নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল সভাপতি মো. রিপন, ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি হাসানুজ্জামান সবুজ, বামনী ইউনিয়নের সভাপতি মহাসিন কাজি ও সেক্রেটারি শাহাজান ঢালিসহ ১৫ নেতাকর্মী। এছাড়া একই সাথে কমলনগর উপজেলার ৬ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার বাদী এসআই মো. সিরাজ মিয়া জানান, ২০১৫ সালের ৫ জানুয়ারি রায়পুর বাস টারমিনাল এলাকায় বিএনপির নেতাকর্মীরা সড়কে নাশকতার উদ্দেশে হামলা-ভাঙচুর ও শহরের উত্তেজনা সৃষ্টি করে। এতে আওয়ামী লীগ বিএনপির কয়েক নেতাকর্মী আহত ও প্রতিষ্ঠান ভাঙচুর হয়।
পরে তিনি বাদী হয়ে ৪৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত প্রায় আড়াইশ বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা করেন। এ মামলার চার্জশিট প্রায় ৬ মাস আগে জমা দেয়া হয়েছে। এ মামলায় কয়েকজন নেতাকর্মী উচ্চ আদালত থেকে জামিনের আবেদন করলে তাদের নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। এতে ১৫ নেতাকর্মী জেলা দায়েরা জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। সরকার পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট পি পি জসিম উদ্দিন ও আসামিপক্ষের আইনজীবী সাবেক পি পি মনিরুল ইসলাম হাওলাদার ও অ্যাড. শামছুল আলম।
এ মামলার আসামি নাজমুল ইসলাম নাজু ও ইকবাল পাটওয়ারী বলেন, ‘ওই তারিখে ঘটনায় আমরা জড়িত ছিলাম না। আ.লীগ ও পুলিশ মিলে মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করছে বলে তার দাবি করেছে।’

