মানিকগঞ্জ প্রতিনিধি : বিদেশিদের নিরাপত্তা নিয়ে যে উদ্বেগ ও সংশয় তা অযৌক্তিক বলে মন্তব্য করেছেন পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জে শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়িতে দুর্গা প্রতিমা পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশে বিদেশি হত্যাকাণ্ড একটি বিচ্ছিন্ন ঘটনা। তাই বিদেশিদের নিরাপত্তা নিয়ে যে উদ্বেগ, সংশয় তা অযৌক্তিক।’
দুর্গা মণ্ডপের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, ‘সারাদেশে শান্তিপূর্ণভাবে শারদীয়া দুর্গোৎসব হচ্ছে। দেশের ২৯ হাজার পূজামণ্ডপের কোথাও কোনো নাশকতার ঘটনা ঘটেনি। এতে প্রমাণ হয়, দেশে কোনো অশান্তি নেই।’
নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আন্দোলনে হেরে গেলে নির্বাচনে হেরে যায়, আন্দোলনে বিজয়ী হলে নির্বাচনে বিজয়ী হয়, এটাই আমাদের ইতিহাস। এখন যারা নির্বাচন ঠিকমতো হবে না, নিরক্ষেপ হবে না, বিরোধীদলকে নির্বাচনে বাইরে রাখা হচ্ছে, এসব কথা বলছেন, তারা কিন্তু আন্দোলনে ব্যর্থ। তাই তারা সামনে যেকোনো নির্বাচনে ব্যর্থ হবেন।’
তিনি আরও বলেন, ‘বিদেশে স্থানীয় নির্বাচন দলীয় ভিত্তিতে হয়। আমরা গণতন্ত্রকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার জন্য তৃণমূল পর্যায়ে এ নির্বাচন ব্যবস্থা চালু করতে যাচ্ছি। আমাদের দল সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় নির্বাচনে তৃণমূল বোর্ড হবে, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ঢাকা থেকে চাপিয়ে দেয়া হবে না।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও পূজা উদযাপন পরিষদের নেতারা।

