নারায়ণগঞ্জ প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় সিএনজিচালক ও যাত্রীসহ ৬ জন নিহত হয়েছেন।
বুধবার ভোরে সাইনবোর্ড সানারপাড় ও কাঁচপুর এলাকায় এ ঘটনাগুলো ঘটে। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে।
সিদ্ধিরগঞ্জ থানার এস আই মাসুদ খান জানান, ভোরে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় রাস্তার পাশ থেকে সিএনজিচালক ও একজন যাত্রীসহ ৪ জনের লাশ উদ্ধার করা। তারা সকলেই পুরুষ। নিহতদের কাছ থেকে পাওয়া মোবাইল ফোনের সূত্র ধরে জানা গেছে নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে সিএনজিতে চড়ে তারা ঢাকা যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, সিএনজি অটোরিকশাকে অজ্ঞাত গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজিচালক সাগর ও মিন্টু নামে এক যাত্রীসহ চারজন নিহত হন।
নিহতদের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও উপজেলার দক্ষিণ রূপসী এলাকায় বলে জানা গেছে। তবে তাৎক্ষণিক তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
অন্যদিকে, ভোর রাতে কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশ থেকে মমিনুল হক নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, রাস্তা পারাপারের সময় দ্রুতগামী গাড়ি তাকে চাপা দিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার বাড়ি চুয়াডাঙ্গা জেলার কাঁচামাঠ পাড়া গ্রামে।
এছাড়া, সকাল ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় গাড়িচাপায় এক পথচারী নিহত হন। তবে এখন পর্যন্ত তার কোনো পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ঘাতক বাস ও এর চালককে আটক করেছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি শরাফত উল্লাহ ৬ জন নিহতের ঘটনার কথা স্বীকার করে জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

