কক্সবাজার প্রতিনিধি : টেকনাফের লেঙ্গুরবিল থেকে তালিকাভুক্ত এক মানবপাচারকারী ও মাদক-অস্ত্র মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এর মধ্যে জাহেদ হোসেন (৩০) তালিকাভুক্ত মানবপাচারকারী। তিনি টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকার নজির আলীর ছেলে। অপরজন ছৈয়দুল বশর (৩৮) মাদক ও অস্ত্র মামলার আসামী। তিনি দক্ষিণ লেঙ্গুর বিল এলাকার মৃত ছৈয়দুর রহমানের ছেলে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার জানান, গ্রেপ্তার জাহেদ হোসেন তালিকাভুক্ত মানবপাচারকারী। মানবপাচারের অভিযোগে তার বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে পলাতক থাকলেও সম্প্রতি এলাকায় ফিরে আসে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি জানান, ছৈয়দুল বশর (৩৮) মাদক ও অস্ত্র মামলার আসামি। দীর্ঘদিন পলাতক থাকলেও পুলিশ কৌশলে তাকে গ্রেপ্তার করে। এ দুই জনকে আদালতে প্রেরণ করা হবে।

