মেহেরপুর প্রতিনিধি : গাংনী উপজেলার আড়পাড়া-জালশুকা গ্রামের আলোচিত সেভেন মার্ডারের পাঁচ আসামির যাবজ্জীন কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে মেহেরপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক টি.এম মুসা এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- দক্ষিণ পশ্চিম অঞ্চলের এক সময়ের ত্রাস, জলন্ত ইটভাটায় জীবন্ত মানুষ পুড়িয়ে মারার নায়ক ও বেআইনি চরমপন্থি সংগঠন বাংলার কমিউনিস্ট পার্টির খুলনা বিভাগীয় প্রধান চুয়াডাঙ্গার কয়রাডাঙ্গার নুরুজ্জামান লাল্টু, গাংনীর জালশুকা গ্রামের ইউনুছ আলী ও তার ভাই ইকরামুল হক এবং একই গ্রামের আবুল কাশেম ও মাসুদ রানা।
রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন। মামলার বাকি আসামিরা বেকসুর খালাস পেয়েছেন।
রায় ঘোষণার পর আদালত থেকে জেলা কারগারে নেওয়ার সময় হাস্যোজ্জ্বল ছিলেন নুরুজ্জামান লাল্টু। অন্তত দুই ডজন মামলার আসামি হিসেবে দীর্ঘদিন ধরেই হাজতে রয়েছেন লাল্টু। তবে রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী জালশুকা গ্রামের জালাল উদ্দীন ও রাষ্ট্রপক্ষের আইনজীবী কাজী শহিদুল হক।
একই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আসামি পক্ষের আইনজীবী একে এম শফিকুল আলম।
উল্লেখ্য, ১৯৯৪ সালের ২৯ আগস্ট রাতে গাংনী উপজেলার জালশুকা গ্রামের দুই পরিবারের সাত জনকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। পরদিন নিহতের পরিবারের পক্ষ থেকে গাংনী থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়। একটি মামলা অনেক আগেই মিমাংসা হলেও অপর মামলায় আজ রায় হয়।

