সিরাজগঞ্জ প্রতিনিধি : নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির আরও ২ সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার ভোর রাতে সদর উপজেলার চর ছোনগাছা ও কাজিপুর উপজেলার বরইতলী এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-সদর উপজেলার চর-ছোনগাছা কারিগর পাড়ার আবুল কাশেমের ছেলে ও সিরাজগঞ্জ পলেটেকনিক ইনস্টিটিটিউটের কম্পিউটার বিভাগের ৬ষ্ঠ বর্ষের ছাত্র মো. মোতালেব হোসেন (২৩) ও কাজিপুর উপজেলার বড়ইতলি গ্রামের মৃত শুকুর মাহমুদের ছেলে মো. হযরত আলী (৩২)।
সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রওশন আলী এ তথ্য নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড চেয়ে রোববার দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুপ্রিয়া রহমান উভয়ের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এ নিয়ে গত এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন এলাকায় থেকে ৭ জেএমবি সদস্য আটক হয়েছে।
তিনি আরও জানান, এর আগে গত রোববার (১১ অক্টোবর) উল্লাপাড়া থানা পুলিশ উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের রাঘববাড়িয়া গ্রামের আব্দুস ছাত্তার আকন্দের দু’ছেলে ওমর আলী আকন্দ (২৮) ও ইদ্রিস আলী আকন্দ (৩০) এবং সদর উপজেলার শাহান গাছা গ্রামের বেলাল হোসেনের ছেলে সোয়াইব হোসেন বাবুকে (১৯) আটক করে। এদের দেয়া তথ্যানুযায়ী বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সদর উপজেলার চর ছোনগাছার আবুল কাশেমের ছেলে মাহমুদুল হাসান (২০) এবং সদর উপজেলার ভেওয়ামারা গ্রামের মৃত শাহজামালের ছেলে সুলতান মাহমুদকে (৪৫) আটক করা হয়। আটককৃত সুলতানের দেয়া তথ্যে রোববার ভোর রাতে মোতালেব ও হযরত আলীকে আটক করা হয়।

