নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সিদ্দিকবাজার এলাকায় জুতার কারখানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে একটি অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন।
শনিবার রাত ৩টার দিকে সিদ্দিকবাজার এলাকায় মতি সরদার রোডের একটি জুতার কারখানায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- আলাউদ্দিন (১৯), রবিন হোসেন (২০) এবং সুজন মিয়া (২০)। এরমধ্যে আলাউদ্দিনের অবস্থা বেশ আশঙ্কাজনক। তার শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। এছাড়া রবিন হোসেন ২০ শতাংশ এবং সুজন মিয়া ১৭ শতাংশ দগ্ধ হয়েছেন।
কারখানা মালিক মাসুদ মিয়া জানান, আনুমানিক রাত প্রায় ৩টার দিকে কাজ চলাকালীন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ক্যাম্প পুলিশের সহকারী ইনচার্জ সেন্টু চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

