সিলেট প্রতিনিধি : সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী একটি কলোনী থেকে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাত ৯টায় কদমতলীর রোমান মিয়ার কলোনির একটি কক্ষ থেকে ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়। নিহত শ্রীমতি (২০) সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার রাজনগর গ্রামের বিজয় বিশ্বাসের স্ত্রী। তারা কলোনির ওই কক্ষে ভাড়া থাকত।
বিজয় বিশ্বাস জানান- সন্ধ্যায় তিনি বাজার আনতে যান। রাত ৯টার দিকে বাসায় ফিরে দেখেন ঘরের ভেতর দিয়ে দরজা লাগানো। অনেক ডাকাডাকির পরও শ্রীমতির কোন সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে ঝুলন্ত লাশ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে নিয়ে যান।
দক্ষিণ সুরমা ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম জানিয়েছেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি।

