ময়মনসিংহ প্রতিনিধি : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার বেলতলী এলাকায় ট্রাকচাপায় আশা (৯) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা মহাসড়কের ওই এলাকার রাস্তা একঘণ্টা অবরোধ করে রাখে।
শনিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশা স্থানীয় বড়বিলারপাড় পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
পুলিশ জানায়, সকাল ৮টার দিকে সদর উপজেলার বড়বিলারপাড় গ্রামের আলাল উদ্দিনের মেয়ে আশা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে মসজিদ থেকে আরবি পড়া শেষে বাড়ি ফিরছিল। পথে বালুবোঝাই একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় উত্তেজিত জনতা ওই রাস্তা একঘণ্টা অবরোধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কোতোয়ালি মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। স্থানীয়দের অনুরোধে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

