গাজীপুর প্রতিনিধি : দত্তপাড়ার খাঁ পাড়া রোড এলাকার সিজন ড্রেসেস লিমিটেড নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক (ডিএডি) আক্তারুজ্জামান লিটন জানান, সকাল সাড়ে ৭টার দিকে ওই পোশাক কারখানায় মেডিকেল সেন্টার থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত কারখানার পাশের ফ্লোরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ফেব্রিক্সসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি।
সরেজমিন ঘুরে দেখা যায়, কারখানায় ফায়ার হাইড্রেন্ট ব্যবস্থা আবশ্যক হলেও ওই কারখানায় তা নেই। ফলে আগুনে ক্ষতি বেশি হয়েছে।

