ঝিনাইদহ প্রতিনিধি : কালীগঞ্জ উপজেলার বারবাজারে রেল লাইনের দু’ধারের অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার সকাল ১১টায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে রেলওয়ে পশ্চিমাঞ্চল পাকশির বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মোস্তাক আহমেদ ও ঝিনাইদহ জেলা প্রশাসনের সহকারী কমিশনার (এসএ শাখা) উত্তম কুমার রায় উপস্থিত ছিলেন।
উত্তম কুমার রায় জানান, কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় রেললাইনের উপর মাছ বাজার, দুপাশে পাকা অবৈধ স্থাপনা তৈরি করেছিল কিছু লোক। গত ২০১৪ সালের ১লা আগস্ট বরযাত্রীবাহী বাস ও ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ১১ জন নিহত হয়। ওই সময় তদন্ত কমিটি গঠন করা হয় এবং সেই তদন্ত রিপোর্টে উল্লেখ করা হয় দুর্ঘটনার প্রধান একটি কারণ হচ্ছে অবৈধ স্থাপনা। এরপর রেলওয়ের পশ্চিম জোনের সিও রাফিউল ইসলাম ও সার্ভেয়ার শহিদুজ্জামান রেলওয়ের জায়গা মেপে অবৈধ স্থাপনাগুলো ভেঙে ফেলার জন্য লাল ক্রস চিহ্ন দিয়ে যায়। এর পরিপ্রেক্ষিতে বুধবার সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।
তিনি আরও জানান, ইতোমধ্যে ১টি দ্বিতল বাড়ি ও ৫টি দোকান উচ্ছেদ করা হয়েছে। রেল লাইনের দুধারের অর্ধশতাধিক অবৈধ স্থাপনা রয়েছে। পর্যায়ক্রমে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

